অবৈধ ভিওআইপি ঠেকাতে ফোন কলের হিসাব পরীক্ষা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারানা হালিম। ফাইল ছবি
তারানা হালিম। ফাইল ছবি

অবৈধ ভিওআইপির কাজে ব্যবহার হওয়া সিম ও রিম শনাক্ত করতে সব মোবাইল ফোন অপারেটরদের কলের হিসাব পরীক্ষা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান।
এর আগে বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ অভিযোগ করেন, দেশের ভিআইপি ব্যক্তিরা অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। অবৈধ ভিওআইপির কারণে রাষ্ট্র হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ভিআইপি ব্যক্তিদের সঙ্গে বিটিসিএলের অসাধু কর্মকর্তারা জড়িত। বিটিআরসি বলেছে, এই সিন্ডিকেট ইতিমধ্যে ১৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এ প্রসঙ্গে তারানা হালিম বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) সিম বক্স ডিকটেশন সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত সিম ও রিম চিহ্নিত করা সম্ভব। বাংলাদেশ থেকে অবৈধভাবে এত টাকার রাজস্ব বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে আছে। এখানে কারও পিছপা হওয়ার সুযোগ নেই। ২৯টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডাব্লিউ) লাইসেন্স ছিল। যার মধ্যে চারটি বাতিল করা হয়েছে। দুটি অকার্যকর রয়েছে। বকেয়া আদায়ে প্রত্যেকটির বিরুদ্ধে তিনটি করে মামলা করা হয়েছে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, অবৈধ ভিওআইপি বন্ধে ৯৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। ২০১৫ সালে ১৬ হাজার ৩৮০টি সিম জব্দ করা হয়েছে।