ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) অবৈধ ব্যবহার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তিন সপ্তাহের মধ্যে স্থায়ীভাবে তদারকি কার্যক্রম শুরু করবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনার এ কথা জানান বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
অবৈধ আন্তর্জাতিক কল, বর্তমান পরিস্থিতি ও বন্ধের উপায়সংক্রান্ত এ সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক (টিআরএনবি)। এতে প্রধান অতিথির বক্তব্যে সুনীল কান্তি বোস বলেন, বর্তমানে বিদেশ থেকে বাংলাদেশে দৈনিক গড়ে বৈধভাবে সাড়ে চার কোটি মিনিট ফোন আসছে। অবৈধ ফোনের সংখ্যা কমানো গেলে এটি দৈনিক আট কোটি মিনিটে উন্নীত করা সম্ভব।
সেমিনারে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, বিটিআরসির নিয়ম অনুসারে দেশের কোনো মুঠোফোন নম্বরে ২৪ ঘণ্টায় ২০০ মিনিটের বেশি মিনিট কল হলে তা অবৈধ ভিওআইপির ব্যবহার সন্দেহে বন্ধ করা হয়। কিন্তু অবৈধ ব্যবহারকারীরা এখন চালাকি করে ওই নির্দিষ্ট মিনিট থেকে কম কল করে যাচ্ছে। এতে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করা কঠিন হচ্ছে।
টেলিকম বিশেষজ্ঞ আবু সাইদ খান বলেন, গত ৩১ জানুয়ারি বিটিআরসির ১২ বছর হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে কমিশনের পরিসর রাজধানীর বাইরে যেতে পারেনি। গ্রামের মানুষ এখনো জানে না টেলিকম-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে তারা কার কাছে যাবে।
বাংলালিংকের জ্যেষ্ঠ পরিচালক (গভর্নমেন্ট রিলেশন) জাকিউল ইসলাম বলেন, ভিওআইপির ব্যবহার বন্ধে মুঠোফোন অপারেটররা নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন মুঠোফোন অপারেটর ভিওআইপি বন্ধে ৭১ লাখ নম্বর বন্ধ করে দিয়েছে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, টেলিটক ইতিমধ্যে ভিওআইপি ব্যবহারের অভিযোগে আট লাখ সিম বন্ধ করেছে।
রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান বলেন, ভিওআইপির অবৈধ ব্যবহারের কারণে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিওআইপির ব্যবহারের কারণে অনেক সিম বন্ধ করতে হয়েছে। এ জন্য কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।
ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সুমন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি দিয়ে ভিওআইপি সমস্যার সমাধান সম্ভব নয়। এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। সেটি আগে বন্ধ হওয়া জরুরি।
সেমিনারে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক রকিবুল হাসান, এনফোর্সমেন্ট ও ইন্সপেকশন বিভাগের পরিচালক মো. সরওয়ার আলম, মীর টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির, সিটিসেলের জেনারেল ম্যানেজার নাইমুল হক, মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব নুরুল কবীর, টিআরএনবির সভাপতি আবদুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম বক্তৃতা করেন।