প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি (ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানার পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ এ অভিযান চালায়। ভিওআইপি সরঞ্জামসহ পুলিশ আবদুল হান্নান ওরফে মান্না (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এলাকাবাসী গত ১০ আগস্ট সিলেট মহানগর পুলিশের কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগের মাধ্যমে অবৈধ এ ব্যবসা পরিচালনার বিষয়টি জানান। দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার এম এন নাসির উদ্দিন অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ায় মধ্যরাতে অভিযান চালানো হয়। দাউদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ দুটি ল্যাপটপ, দুটি ব্যাটারি, একটি আইপিএস ও বিপুল পরিমাণ মুঠোফোনের সিম উদ্ধার করা হয় ।