অবৈধ ভিওআইপিতে আটকে যাওয়া অর্থ ফেরতের নির্দেশ বিটিআরসির
অবৈধ ভিওআইপির কারণে বন্ধ হয়ে যাওয়া সিমে ব্যালান্স হিসেবে জমা থাকা অর্থ ফেরত দিতে মুঠোফোন অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে বিটিআরসি সচিব ও মুখপাত্র সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব মুঠোফোন অপারেটরকে এ-সংক্রান্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিটিআরসির নির্দেশনা মেনে ইতিমধ্যে ৯ কোটি ৩৬ লাখ টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। অবৈধ ভিওআইপির কারণে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত মুঠোফোন অপারেটরটির ২৫ লাখ সিম বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। আর তাতে জমা ছিল ৯ কোটি ৩৬ লাখ টাকা।
ব্যাংক চেকের মাধ্যমে ৯ ফেব্রুয়ারি নিয়ন্ত্রক সংস্থাকে এ অর্থ ফেরত দেয় গ্রামীণফোন। এর মধ্যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১০ শতাংশ কর হিসেবে ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকা পাবে জাতীয় রাজস্ব বোর্ড। আর বাকি ৭ কোটি ৩২ লাখ টাকা বিটিআরসির হিসেবে যুক্ত হবে।
সরকারি আইন অনুযায়ী, অবৈধ কর্মকাণ্ডের কারণে কোনো সম্পদ বা অর্থ জব্দ হলে সেটির মালিকানা সরকারের কাছে চলে যায়। অবৈধ ভিওআইপির কারণে আটকে যাওয়া অর্থের মালিকানা এ ক্ষেত্রে বিটিআরসির।
অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া এসব সিম পুনরায় বিক্রি করার অনুমতিও বিটিআরসির কাছে চেয়েছে গ্রামীণফোন। এর কারণ হিসেবে বলা হয়েছে, বিদ্যমান ০১৭ সিরিজের ১০ কোটি নম্বর শেষ হয়ে আসায় চাইলেও এখন নতুন সিম বাজারে বিক্রি করা যাচ্ছে না।