অবৈধ ভিওআইপির তথ্য দিলে লাখ টাকা পুরস্কার
অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সম্পর্কে তথ্য দিলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এম রায়হান আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী অবৈধ ভিওআইপি কল আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ। সরকার এর বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। অপরাধীদের পরিচয় বা ঠিকানা দিতে পারলে এবং যথাযথ তদন্তের মাধ্যমে এর সত্যতা প্রমাণ হলে তথ্যদাতাকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এ ব্যাপারে সঠিক তথ্য দিলে তথ্য প্রদানকারীকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর এ তথ্য দেওয়া যাবে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের একচেটিয়া ব্যবসার কারণে দেশে বৈধ আন্তর্জাতিক কল কমে গেছে। আর সেই সুযোগে বেড়ে গেছে অবৈধ ভিওআইপি কল। বিটিআরসি ও মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বৈধভাবে গড়ে প্রতিদিন আন্তর্জাতিক কল এসেছে ৯ কোটি মিনিট। অথচ গত জুন পর্যন্ত দেশে বৈধভাবে গড়ে প্রতিদিন ১২ কোটি মিনিট আন্তর্জাতিক কল এসেছিল। ওই সময়ের মধ্যে একপর্যায়ে এক দিনে সর্বোচ্চ সাড়ে ১২ কোটি কল আসারও রেকর্ড রয়েছে। এ হিসাবে প্রায় দুই মাসের ব্যবধানে বৈধ পথে আন্তর্জাতিক কল আসা ২৮ শতাংশ বা ৩ কোটি মিনিট কমে গেছে।
সংশ্লিষ্টদের মতে, বৈধ পথে আসা কল কমে সেটি এখন অবৈধ ভিওআইপি হয়ে দেশে ঢুকছে। অর্থাৎ বৈধ কলের একটি অংশ এখন অবৈধ ভিওআইপি কলে পরিণত হয়েছে। এর ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে আইজিডব্লিউ অপারেটরসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর আয় কমছে। অবৈধ ভিওআইপি বাড়ার কারণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে আজ এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।