অবৈধ ভিওআইপির মাধ্যমে ৬৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অবৈধ উপায়ে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) মাধ্যমে প্রায় ৬১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক চারটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার প্রায় আট মাস পর গতকাল রোববার কমিশন মামলা করার অনুমোদন দেয়।
প্রতিবেদনে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চলতি সপ্তাহে তাঁদের বিরুদ্ধে মামলা হবে বলে দুদক সূত্রে জানা গেছে। দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন মামলা করার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিটিসিএলের ভিওআইপি অনিয়মের বিষয়ে দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমানের নেতৃত্বে একটি দল অনুসন্ধান করে। বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ টেলিফোন কলের তথ্য মুছে ফেলার অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধানে নামে।
দুদকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেদনে বিটিসিএলের এমডি এস ও এম কলিমউল্লাহ, সাবেক এমডি মো. খবিরুজ্জামান, আফসারুল আলম ও আবু সাঈদ খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া বিটিসিএলের অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিভাগীয় প্রকৌশলী (ডিই) হাবিবুর রহমান প্রামাণিক, মহাব্যবস্থাপক (জিএম-ওটিআর) আনোয়ারুল মামুন, সাবেক সদস্য প্রকৌশলী ও গাজীপুরের টেলিকম স্টাফ কলেজের মহাপরিচালক মোহাম্মদ তৌফিক, সহকারী বিভাগীয় প্রকৌশলী (এডিই) রোনেল চাকমা, বদিউল আলম প্রমুখ। এঁদের সঙ্গে রয়েছেন এরিকসন বাংলাদেশ লিমিটেডের কন্ট্রাক্ট ম্যানেজার আসিফ জাহিদ, রিলেশন ম্যানেজার নজরুল ইসলাম ও প্রকৌশলী মাসরুরুল হাকিম।
প্রতিবেদনে বলা হয়েছে, মো. তৌফিকের সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন বিদেশি ক্যারিয়ারের সঙ্গে অবৈধ সংযোগের মাধ্যমে বিদেশি কল আনা-নেওয়া করতেন প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের প্রকৌশলীরা।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালের আগস্ট থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত বিটিসিএলের আইটিএক্স-৫ ও আইটিএক্স-৭ থেকে যে পরিমাণ বিদেশি কল দেশে এসেছে, তা সঠিকভাবে রেকর্ড না করে কল ডেটা মুছে ফেলা হয়েছে। ফলে প্রকৃত ইনকামিং কলের তুলনায় আইটিএক্সে প্রদর্শিত কল ডেটার পরিমাণ অনেক কম। এ সময়ে বর্তমান এমডি কলিম উল্লাহ বিটিসিএলের সদস্য (মেইনটেন্যান্স ও অপারেশনস) ছিলেন। গত ১৪ জানুয়ারি তাঁকে এ দায়িত্ব থেকে সরিয়ে এমডি হিসেবে নিয়োগ দেয় সরকার।
দুদক সূত্রে জানা গেছে, মো. তৌফিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিটিসিএলের ই-১-এর সংযোগ পেতে প্রতিষ্ঠানের প্রভাব খাটান চার প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরা। প্রতিষ্ঠানগুলো হলো—সিঙ্গাপুরভিত্তিক এনটিএস গ্লোবাল প্রাইভেট লিমিটেড, মেসার্স আই পাওয়ার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড ও ডিজিটেক প্রাইভেট লিমিটেড এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এরিস্টো কল সার্ভিসেস ইনকরপোরেশন। এদের স্থানীয় প্রতিনিধি যথাক্রমে মেসার্স আযান স্টোরের মহিউদ্দিন সিদ্দিক, রাজটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুল বাসার, ডিজিটেকের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান ও এরিস্টোর পরিচালক এস এম ইশতিয়াক আহমেদ নিজেরাই বিটিসিএলে বসে থেকে তাঁদের প্রয়োজনীয় ই-১ সংযোগ নিয়ে যেতেন।