অবৈধ মোটরসাইকেলের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার মহানগরে দাপিয়ে বেড়াচ্ছে কাগজপত্র ও নিবন্ধনহীন মোটরসাইকেল। দিনের পর দিন কাগজ বা টিনের ওপর অনটেস্ট, এএফআর (অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন), সংবাদপত্র, সংবাদিক লিখে অথবা যে দোকান থেকে কেনা হয়, তার নাম লিখে মোটরসাইকেল চালানো হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালালেও তা খুব একটা কাজে আসছে না।
মোটরসাইকেলচালক ও পুলিশ জানায়, অধিকাংশ মালিক মোটরসাইকেল কেনার পর নম্বর প্লেটের স্থানে এএফআর বা অনটেস্ট কথাটি লিখে লাগিয়ে রাখেন। মোটরসাইকেলের আয়ুষ্কাল প্রায় ফুরিয়ে এলেও অনটেস্ট বা এএফআর দিয়েই চলে। কেউ কেউ নতুন কিনে নিবন্ধন ফি ফাঁকি দিতে আবার অনেকে চোরাই মোটরসাইকেল ব্যবহার করছেন এসব পন্থায়।
সাংবাদিক না হয়েও নগরের টুটপাড়া এলাকার বাসিন্দা মহিবুল ইসলাম নিজের গাড়িতে লিখেছেন ‘সাংবাদিক’। অথচ তিনি একজন মাছ ব্যবসায়ী। কেন লিখলেন জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইন্সেস নেই। ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তাই লিখেছি। তা না হলে পুলিশি জটিলতায় পড়তে হয়।’
নগরের খালিশপুরের চরের হাট এলাকার বাসিন্দা কামরুল হোসাইনের মোটরসাইকেলটি কিনেছেন আট বছর আগে। এখন দোকানের দেওয়া অনেকগুলো সিলসংবলিত একটি কাগজ লেমিনেটিং করে নম্বর প্লেটের স্থানে ঝুলিয়ে রেখেছেন। তিনি বলেন, কাগজপত্র তৈরি করতে ৮-১০ হাজার টাকা খরচ হয়। সেই সময় টাকা ছিল না বলে আর করা হয়নি। এখন তো পুরোনো হয়ে গেছে।
খুলনা মেট্রোপলিটনের (কেএমপি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘সবচেয়ে বেশি সমস্যা সাংবাদিক লেখা গাড়িগুলোতে। এগুলোর কোনো কাগজপত্র নেই।’
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. কলিমুদ্দিন বলেন, ‘আমাদের অভিযান নিয়মিত চলছে। আমরা গাড়ি ধরছি, তাদের জরিমানা করছি।’
খুলনা জেলার শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক হারুনুর রশিদ বলেন, ‘আমরা গত তিন মাসে ৩৬২টি গাড়ি জব্দ করেছি। প্রতিনিয়ত এ অভিযান চলছে। তবে এক পক্ষ সচেতন হলে তো হবে না, দুই পক্ষ সচেতন না হলে এটি সমাধান করা যাবে না।’