অবৈধ মোটরসাইকেল ধরতে গিয়ে বিপাকে ইউএনও
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত চলাকালে এক মোটরসাইকেল আরোহীকে থামাতে পুলিশকে গুলি করতে বলে বিপাকে পড়েছেন ইউএনও মোস্তাফিজুর রহমান। মোটরসাইকেল চালককে থামাতে গুলির কথা শুনে স্থানীয় লোকজন খেপে প্রায় আধা ঘণ্টা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। তবে গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন চন্দ্র পাল বলেন, ইউএনও মোস্তাফিজুর রহমান গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মোসলেম উদ্দীন ডিগ্রি মহাবিদ্যালয়ের মূল ফটকের সামনে নিবন্ধনহীন মোটরসাইকেলবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একটি মোটরসাইকেলকে থামাতে নির্দেশ দিলেও চালক গতি বাড়িয়ে পালিয়ে যেতে থাকেন। তখন ইউএনও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের মোটরসাইকেল আরোহীকে গুলি করতে বলেন। এ কথা শুনে স্থানীয় লোকজন খেপে ওঠেন। একপর্যায়ে তাঁরা ইউএনওকে অবরুদ্ধ করে রাখেন। পরে তিনি গিয়ে ইউএনওকে উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামও ঘটনাস্থলে যান।
ইউএনও মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এসেই মোবাইল কোর্ট পরিচালনা করে নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করতে শুরু করেছি। এটা অনেকেই মেনে নিতে পারেনি। তাই লোকজন বিষয়টিকে অতিরঞ্জিত করে মোটরসাইকেল চালককে গুলি করার নির্দেশ দেওয়ার কথা ছড়িয়েছে। আমি এটা ভালো করে বুঝি, গুলির নির্দেশ দেওয়া এত সহজ না।’
হরিপুর থানার ওসি আকতারুজ্জামান প্রধান বলেন, মোটরসাইকেল আরোহীকে নির্দেশ দেওয়ার পরও না থামায় ইউএনও সাহেব দুষ্টুমি করে তাঁকে গুলি করতে বলেছিলেন। এতে লোকজন খেপে যান।