অবৈধ মোবাইল আমদানি বন্ধে তৎপর বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ মোবাইল সেট আমদানি ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাজার তদারকি কার্যক্রমকে জোরদার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ সোমবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসির আমদানি অনাপত্তি ছাড়াই অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে নিম্নমানের মোবাইল সেট আমদানি ও বাজারজাত করছে। ওয়ারেন্টি ছাড়া এ সব নকল মোবাইল সেট থেকে বের হওয়া রেডিয়েশেন মানবদেহের জন্য ক্ষতিকর। ওয়ারেন্টিবিহীন এ সব মোবাইল অল্পদিনেই বিকল হয়ে যাওয়ায় ক্রেতারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নকল মোবাইল সেটের আইএমইআই নম্বর সঠিক না থাকায় এ সব ফোন হারিয়ে বা চুরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা শনাক্ত করতে পারে না, বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। অবৈধভাবে মোবাইল আমদানি হওয়ায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলেও জানিয়েছে বিটিআরসি।
উল্লেখ্য, আমদানি নীতি আদেশ ২০১২-১৫ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুযায়ী যেকোনো মোবাইল বা বেতারযন্ত্র আমদানিতে বিটিআরসির আমদানি ছাড়পত্র নিতে হয়। গত ২৭ আগস্ট প্রথম আলোতে ‘কেবল অবৈধ স্যামসাং মোবাইল সেটেই রাজস্ব ক্ষতি ৪৬৪ কোটি টাকা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এর পরের দিনই রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে দুই কোটি টাকার বেশি মূল্যের অবৈধ মোবাইল সেট জব্দ করা হয়। এরপর হাতিরপুলের মোতালেব প্লাজা ও ইস্টার্ন প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে আরও কয়েক কোটি টাকার অবৈধ ও নকল মোবাইল সেট জব্দ করা হয়।

 আরও পড়ুন