অবৈধ যন্ত্রের সঙ্গে পাল্লা দিতে জীবন ঝুঁকির 'গর্তশ্রম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার আশপাশে এভাবেই বাস করছেন পাথরশ্রমিকেরা। গত মঙ্গলবার ছবিটি তুলেছেন আনিস মাহমুদ
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার আশপাশে এভাবেই বাস করছেন পাথরশ্রমিকেরা। গত মঙ্গলবার ছবিটি তুলেছেন আনিস মাহমুদ

পলিথিন দিয়ে মোড়ানো খুপরি। বালু-ধুলোর আস্তরণ পড়ে সেগুলো মাটির ঢিবির মতো হয়েছে। এ ঘরে গাদাগাদি করে থাকেন সাতজন শ্রমিক। দিনমান হাড়ভাঙা খাটুনির পর রাতে এভাবে ঘুমানোর বিষয়ে জানতে চাইলে পাথরশ্রমিক কালন মিয়ার এককথায় জবাব, ‘বাড়ি থাকি আইতে-যাইতে গেলে তো কাম ছুটি (হাতছাড়া) যাইব!’
কালন মিয়ার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। তাঁর বলা এই ‘কাম ছুটি’ যাওয়ার পেছনে রয়েছে যন্ত্র-নির্ভরতার ভয়। পাথর উত্তোলন থেকে শুরু করে পরিবহনে যন্ত্রের ব্যবহারে কায়িক শ্রমিকেরা কাজ পাচ্ছেন না।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলার পাশে এ রকম ঘরের সংখ্যা শতাধিক। তাতে অন্তত পাঁচজন করে শ্রমিক থাকলে মোট সংখ্যা দাঁড়ায় ৫০০। শুধু শাহ আরেফিন টিলার আশপাশ নয়, দেশের বৃহত্তম পাথর কোয়ারি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জসহ আশপাশের এলাকায় লক্ষাধিক পাথরশ্রমিক এভাবে থাকেন।
গত সোমবার ভোরে শাহ আরেফিন টিলা কেটে পাথর উত্তোলন করার সময় শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, যেখানে কাজ সেখানেই অস্থায়ীভাবে বসবাস করছেন পাথরশ্রমিকেরা। স্থানীয় জনপ্রতিনিধিদের হিসাবে কোম্পানীগঞ্জের টুকেরবাজার, বুধবারিবাজার ও ঢালারপাড় এলাকায় লক্ষাধিক পাথরশ্রমিকের এ রকম অস্থায়ী আবাস রয়েছে। এর মধ্যে অন্তত ৫০ হাজার ‘গর্তশ্রমিক’। গর্তশ্রম ক্রমে বাড়ায় ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনাও।
পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, পাথর কোয়ারিতে যন্ত্রের ব্যবহারের আগে দুটো শ্রেণিতে বিভক্ত ছিল শ্রমজীবীদের কাজ। এক. পাথর পরিবহনে বারকি নৌকা ব্যবহার। এটিকে ‘বারকিশ্রম’ বলা হতো। দুই. কোয়ারিতে নেমে পাথর উত্তোলন। হাঁটু অথবা কোমরসমান পানিতে নেমে পাথর উত্তোলন চলত। এ দুই শ্রেণির শ্রমে বড় ধরনের পরিবর্তন দেখা দেওয়ায় এখন শ্রমজীবীদের পেশার শ্রেণি একটিতে গিয়ে ঠেকছে। সেটি হচ্ছে ‘গর্তশ্রম’। পাথরের জন্য খোঁড়া গর্তের প্রায় ৩০ থেকে ৪০ ফুট নিচে নেমে পাথর উত্তোলন করতে হয়।
যন্ত্র বলতে বোমা মেশিন বোঝায়। এটি মূলত পাওয়ার পাম্প ও পাইপ দিয়ে স্থানীয় পদ্ধতির একটি পাথর উত্তোলনযন্ত্র। এটি চালালে বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। এ যন্ত্রের সাহায্যে মাটির প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর থেকে পাথর উত্তোলন করা সম্ভব। সিলেটের পাথর কোয়ারিতে কম শ্রমিক দিয়ে দ্রুত পাথর উত্তোলন করতে পাথর ব্যবসায়ীদের একটি চক্র এ যন্ত্র ব্যবহার শুরু করে। এ কারণে ভূগর্ভস্থ মাটির স্তর পরিবর্তন হয়ে ভূপ্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল।
বাংলাদেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক শাহ শাহেদা বলেন, বেলা ২০০৯ সালে উচ্চ আদালতে রিট আবেদন করলে বোমা মেশিনসহ বিভিন্ন যন্ত্র দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়।
২০০৮ সালের দিকে যখন কোয়ারি এলাকায় পাথর উত্তোলনে যন্ত্রের প্রচলন শুরু হয়, তখন উত্তোলন কাজে ও বারকি নৌকা নিয়ে বারকিশ্রমে থাকা অধিকাংশ শ্রমিকেরা বেকার হয়ে পড়েন। এঁদের একটি অংশ গর্তশ্রমের দিকে ধাবিত হয়। শাহ আরেফিন টিলার আশপাশে ৫৭টি গভীর গর্ত দেখা গেছে। একেকটি গর্তে ১৫ থেকে ১৬ জন শ্রমিক কাজ করেন। পাথরশ্রমিকদের জন্য এ কাজই সবচেয়ে ঝুঁকির হওয়ায় পারিশ্রমিকও বেশি।
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এ কাজে মেলে ৭০০ টাকা। আর অন্যান্য কাজের মজুরি ৩০০ থেকে ৪০০ টাকা। কেউ চুক্তিভিত্তিক আবার কেউ দিনমজুরির হিসেবে কাজ করেন।
সাতটি খুপরি অস্থায়ীভাবে বসবাসকারী ১৯ জন শ্রমিকের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে যন্ত্রের ব্যবহারে কায়িক শ্রমের কাজ কমে যাওয়ায় তাঁরা তিন মাস ধরে শাহ আরেফিন টিলার পাশে বসবাস করে শ্রমিকের কাজ করছেন। দিনমান হাড়-খাটুনির শ্রম শেষে রাতে ধুলা-বালুর সঙ্গে এভাবে বসবাস স্বস্তির কি না, জানতে চাইলে সেখানকার দুজন নারীর সোজা জবাব, ‘গাতের পাড়ও না থাকলে কাম মেলে না!’
পাথর কোয়ারিতে চলা বারকি নৌকার শ্রমিকদের নিয়ে গঠিত সংগঠন ‘কোম্পানীগঞ্জ বারকি শ্রমিক সমবায় সমিতি’র সভাপতি আবদুল আউয়াল বলেন, অবস্থা এখন এমন যে সংগঠনের নামও বদলাতে হবে। তিনি জানান, শ্রমের ধরন বদল হওয়ায় একধরনের অস্থিরতাও এসেছে শ্রমিকদের মনে। যেকোনো ঝুঁকির কাজ অবলীলায় করানো হচ্ছে। প্রশাসনিক নজরদারি থাকলে এটা হতো না।
জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ভোলাগঞ্জসহ পাথর কোয়ারির আশপাশে কর্মরত পাথরশ্রমিকের সংখ্যা ও তাঁদের অস্থায়ী বসবাসের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই বলে জানান। তবে তিনি প্রথম আলোকে বলেন, শাহ আরেফিন টিলায় শ্রমিক হতাহতের ঘটনার পর গঠিত তদন্ত কমিটি এ ব্যাপারে কাজ করছে। গতকাল বুধবার থেকে ওই এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থান করছেন জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা পাথরশ্রমিকদের একটি তালিকা করার কাজে হাত দেব। তখন নজরদারিও সহজ হবে।’