অবৈধ যান নির্বাচনে এসে বৈধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস কয়েক আগে মহাসড়ক থেকে ভটভটি উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। নির্বাচনের আগের দিন গতকাল সেই ভটভটিতে চড়েই নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাচ্ছেন পুলিশ ও আনসার সদস্যরা​। ছবিটি রাজশাহীর পবা উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে তোলা l প্রথম আলো
মাস কয়েক আগে মহাসড়ক থেকে ভটভটি উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। নির্বাচনের আগের দিন গতকাল সেই ভটভটিতে চড়েই নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাচ্ছেন পুলিশ ও আনসার সদস্যরা​। ছবিটি রাজশাহীর পবা উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে তোলা l প্রথম আলো

মাত্র কয়েক মাস আগেই রাজশাহীর মহাসড়ক থেকে অবৈধ যান ভটভটি উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। পৌর নির্বাচনে এখন সেই ভটভটিই প্রশাসনের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের ব্যালট বাক্স থেকে শুরু করে অন্যান্য সরঞ্জামের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ভটভটিতে করে।
গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী নগরের পার্শ্ববর্তী পবা উপজেলায় গিয়ে দেখা যায়, উপজেলা চত্বরে সারি করে দাঁড় করিয়ে রাখা হয়েছে অসংখ্য ভটভটি। উপজেলার নওহাটা পৌর নির্বাচনের জন্য বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা নিয়ে ব্যস্ত সবাই। উপজেলা কমপ্লেক্স থেকে নির্বাচনী সরঞ্জাম বের করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর মাইকে কেন্দ্রের নাম ও প্রিসাইডিং কর্মকর্তার নাম ধরে ডাকা হচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেখানে গিয়ে মালামাল বুঝে নিচ্ছেন। এরপর তা তোলা হচ্ছে সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য নির্ধারিত ভটভটিতে। প্রতিটি ভটভটির সামনে বড় করে কাগজে লেখা রয়েছে কেন্দ্র, প্রিসাইডিং কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ভটভটিচালকের নাম এবং মুঠোফোন নম্বর।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু পবা উপজেলাতেই নয়, জেলার অন্যান্য উপজেলায়ও নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে ভটভটি। পুলিশ ও আনসার সদস্যদের এবং তাঁদের মালামালও পরিবহন করা হচ্ছে এই ভটভটি দিয়ে।
একটি ভটভটির কাছে গিয়ে দেখা গেল, সামনের দিকে একটি কাগজ সাঁটা। তাতে লেখা রয়েছে—‘(১) নওহাটা পৌরসভা নির্বাচন-২০১৫। ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা: সিন্দুর কুসুম্বী নামোপাড়া দাখিল মাদ্রাসা, নামোপাড়া (মহিলা কেন্দ্র), থানা: শাহ মখদুম, মহানগরী রাজশাহী। প্রিসাইডিং অফসার: শাহ সাইদুর রহমান, কৃষি প্রকৌশলী, উপজেলা কৃষি অফিস, পবা। এসআই মো. মাহবুবুর রহমান, ভুটভুটি চালকের নাম: মো. আবু সিদ্দিক।’ নামের পর কর্মকর্তাদের মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। ভটভটিতে মালামাল পরিবহন করা সম্পর্কে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা শাহ সাইদুর রহমান বলেন, নির্বাচনী সরঞ্জাম পরিবহনের জন্য উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাঁদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, তাঁরা সেভাবেই সরঞ্জাম নিয়ে গেছেন। তাঁদের আলাদা করে ব্যবস্থা করার কিছু ছিল না। প্রতিটি কেন্দ্রের জন্য দুটি করে ভটভটি বরাদ্দ ছিল বলে জানান এই কর্মকর্তা।
পবার দারুসা এলাকার ভটভটির চেইনমাস্টার মো. সেলিম বলেন, পবা থানার ওসি ডেকে তাঁকে বললেন, ভটভটি লাগবে। তিনি দারুসা লাইনের ২০টি ভটভটি সরবরাহ করেছেন। কত টাকায় চুক্তি করা হয়েছে জানতে চাইলে মো. সেলিম বলেন, ‘সোমবার থেকে গাড়ি ব্যবহার করছে। মঙ্গলবার ব্যবহার হয়েছে। তেল খরচের জন্য ২০০ টাকা দেওয়া হয়েছে। বুধবার ভোট শেষ করে মালামাল পৌঁছে দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তা কত টাকা দেবেন তা তাঁরা জানেন না।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্র থেকে মালামাল আনা-নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের। এটা তাঁরাই ভালো বলতে পারবেন।’
সরকারি কাজে এ ধরনের ‘অবৈধ যান’ ব্যবহারের কারণ জানতে চাইলে পবা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচনী সরঞ্জাম ও লোকবল কেন্দ্রে পাঠানো বাবদ নির্বাচন কমিশন থেকে প্রতি কেন্দ্রের জন্য দুই হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এত অল্প টাকায় অন্য কোনো যানবাহন পাওয়া যায় না। তাই এগুলো ব্যবহার করা হয়।