ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাবাড়ি গ্রামের নাসিরুল হক সবে বিয়ে করেছিলেন। শ্বশুরবাড়ি দক্ষিণ বঠিনা গ্রামে। শাশুড়ির ইচ্ছে, নতুন জামাইকে নিজ হাতে শীতের পিঠা বানিয়ে খাওয়াবেন। তাই স্ত্রী সেলিনাকে নিয়ে নছিমনে করে শ্বশুরবাড়ি রওনা হয়েছিলেন নাসিরুল। পথে ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে নাসিরুলের দুটি পা ভেঙে যায়। সেলিনা কোমরে আঘাত পান।
নাসিরুলকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ডান পা হাঁটু থেকে কেটে ফেলেন চিকিৎসকেরা। এখন বাড়িতেই দিন কাটে অসহায় নাসিরুলের। শুধু নাসিরুল নন, ঠাকুরগাঁওয়ে নছিমন-করিমনসহ বিভিন্ন নামের অবৈধ যানবাহনের দুর্ঘটনায় প্রতিদিন পঙ্গুত্ব বরণ করছে কেউ না-কেউ। অনেকে মৃত্যুবরণও করছে। জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী নছিমন, পাওয়ার টিলার, ট্রাক্টরসহ অবৈধ যানবাহনের সংখ্যা প্রায় পাঁচ হাজার বলে একটি সূত্রে জানা গেছে।
বছরে জেলায় সড়ক দুর্ঘটনায় গড়ে কতজন নিহত হয়, তার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে পুলিশ সুপার কার্যালয়ের তথ্যমতে, ২০১৬ সালে ঘটা সড়ক দুর্ঘটনার বিপরীতে জেলায় ১০টি মামলা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ে সংরক্ষিত দুর্ঘটনায় নিহত মানুষের তালিকায় ১৪ জনের নাম পাওয়া গেছে। আহত মানুষের হিসাব পুলিশের খাতায় পাওয়া না গেলেও জেলার পাঁচটি হাসপাতালের তথ্যানুযায়ী, ২০১৬ সালে ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ও চিকিৎসা নিয়েছে।
ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের শিবগঞ্জ ও ভাউলারহাট এলাকায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঘুরে দেখা গেছে, ওই এলাকায় চলাচলকারী ৬৫টি মালবোঝাই ট্রাক্টর ও পাওয়ার টিলারের কোনোটিরই নিবন্ধন নেই। তবে গাড়ির গায়ে বড় বড় করে মুঠোফোনের নম্বর লেখা রয়েছে। নছিমনগুলো পুরোনো, ভাঙা, নড়বড়ে। কোনো কোনো যানে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মালামাল বহন করা হচ্ছে। চালকদের কোনো লাইসেন্স নেই। এমনকি বেশির ভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক।
অনুমোদন ছাড়া কীভাবে এসব নছিমন চলছে, জানতে চাইলে গড়েয়া সড়কের মিলনপুরের ট্রাক্টরচালক রবিউল ইসলাম বলেন, ‘চলছে একরকম ম্যানেজ করে। বেশি কড়াকড়ি হলে লুকিয়ে চলাচল করি।’ ব্যস্ত সড়কের মধ্যে দ্রুতগতিতে ট্রাক্টর চালানোর বিষয়ে ট্রাক্টরের চালক সাইফুল ইসলাম হেসে বলেন, ‘খদ্দেরের চাহিদা অনুযায়ী দূর থেকে মাটি টেনে আনতে হয়। কম সময়ের মধ্যে যত বেশি মাটি আনতে পারব, ততই লাভ। তাই একটু দ্রুত চালাতে হয়। এতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।’
শহরের ঘোষপাড়ার বাসিন্দা আহসান হাবিব বলেন, দ্রুতগতিতে অবৈধ এসব যান চলাচল করার কারণে দিন দিন দুর্ঘটনা বাড়ছে। এসব যানের গতি নিয়ন্ত্রক না থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
ট্রাফিক পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, নিয়মিত রাস্তায় হানা দিয়ে এসব অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। মামলাও হচ্ছে। তবে মাসোহারা আদায়ের অভিযোগ অস্বীকার করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমদ জানান, দুর্ঘটনা রোধে চালকদের করণীয় সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণকর্মসূচি হাতে নেওয়া হবে।
চলতি বছরের শুরুতেই হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক দুটি নছিমন উল্টে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবারও ট্রাক্টরের চাপায় হরিপুরে আরও একজন নিহত হয়েছেন।
এ বিষয়ে বেসরকারি সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান বলেন, আজ বিশ্ব পঙ্গু দিবস। বিশ্বের অন্যান্য দেশে দিবসটি পালন করা হলেও বাংলাদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে দিবসটি পালনে তেমন কোনো আগ্রহ দেখা যায় না। এমনকি এ খাতে সংশ্লিষ্টদের কাছে পঙ্গুত্ববরণ করা মানুষের কোনো পরিসংখ্যানও নেই। তবে এ খাতে সংশ্লিষ্টদের ধারণা, এ দেশ দুর্ঘটনায় প্রাণহানির চেয়ে পঙ্গুত্ববরণকারীদের সংখ্যা দ্বিগুণেরও বেশি। তিনি আরও বলেন, ‘যেসব কারণে মানুষ পঙ্গুত্ববরণ করছে সেটগুলো চিহ্নিত করে আমাদের তা নিরসনে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্বরোধে গাড়ির চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দিতে হবে। এ জন্য চালকদের ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।’