অবৈধ যানবাহনের ছড়াছড়ি
কুমিল্লা নগর ও জেলার ১৬ উপজেলায় অবৈধ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ছড়াছড়িতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভারতীয় সীমান্ত থেকে মাদক পরিবহনে এসব বাহন ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
এলাকার অনেকের অভিযোগ, এসব অবৈধ যানবাহন আটকে আইন প্রয়োগকারী সংস্থা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, নগরের কান্দিরপাড়, ঈদগাহ এলাকা, চকবাজার, কাপ্তানবাজার পাক্কার মাথা, শাসনগাছা, রামঘাট, সালাউদ্দিন মোড়, টমছমব্রিজ ও আশ্রাফপুর বাস টার্মিনাল এলাকায় শত শত অটোরিকশা দাঁড়িয়ে আছে। এসব বাহনের বেশির ভাগই অবৈধ। অবৈধ ওই বাহনের পেছনে ও সামনে ‘কুমিল্লা-থ-১১’ লাগিয়ে সড়কে চলাচল করছে। একই অবস্থা মোটরসাইকেলের ক্ষেত্রেও। নগর ও শহরতলির বিভিন্ন সড়কে নম্বরবিহীন অনেক মোটরসাইকেল দেখা গেছে। এসব বাহনের পেছনে ‘অন টেস্ট’ লাগানো হয়েছে।
এলাকার অনেকে এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, আইন প্রয়োগকারী সংস্থার সামনে দিয়ে অবৈধ বাহনগুলো যাতায়াত করলেও তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না।
নগরের রামঘাট থেকে বিশ্বরোড পর্যন্ত অটোরিকশা চালান সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ ও ফরিদ মিয়া। তাঁরা বলেন, ‘সরকার অটোরিকশার নিবন্ধন বন্ধ রাখায় আমাদের গাড়ি বৈধ হতে পারছে না। অবিলম্বে ওই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক। ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে অটোরিকশার নিবন্ধন দেওয়া বন্ধ রয়েছে।’
একজন ওয়ার্কশপ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, একই নম্বর ব্যবহার করে কুমিল্লার শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়া, পদুয়ার বাজার থেকে বরুড়া এবং টমছমব্রিজ থেকে কালীরবাজার পর্যন্ত তিনটি অটোরিকশা যাত্রী আনা-নেওয়া করছে। আইন প্রয়োগকারী সংস্থা এ ক্ষেত্রে তৎপর নয়।
বিআরটিএর কুমিল্লা শাখা সূত্রে জানা গেছে, জেলায় আট হাজার ৩২০টি অটোরিকশার অনুমোদন রয়েছে। মোটরসাইকেলের অনুমোদন রয়েছে ১৪ হাজার ৮৩২টি। কিন্তু সড়কে প্রায় তিন গুণের বেশি অবৈধ অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক এ টি এম আবদুল আউয়াল জানান, লোকবলের অভাবে নিয়মিত অবৈধ যানবাহন ধরা হচ্ছে না। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত কিছু অবৈধ বাহন আটক করেন। পুলিশি তৎপরতা জোরদার হলেই অবৈধ মোটরসাইকেল ও অটোরিকশা আটক করা সম্ভব।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসিমহিউদ্দিন মাহমুদ জানান, কুমিল্লা শহরতলির চাঁনপুর বেইলি সেতু ও বালুতোপা এলাকায় পুলিশ একাধিকবার অবৈধ মোটরসাইকেল আটক করেছে। এসব মোটরসাইকেলে করে কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গিয়ে মাদকসেবীরা মাদক নিয়ে আসে।