অবৈধ যানের অদক্ষ চালক ডুবো সড়কে ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওর এলাকায় গতিরোধকবিহীন নতুন দুটি ডুবো সড়কে চলছে মেয়াদোত্তীর্ণ যানবাহন। প্রয়োজনীয় প্রশি\ক্ষণ না নিয়েই অনভিজ্ঞ চালকেরা অবাধে রাস্তায় নামছেন। অদক্ষ চালকদের কারণে গত দুই মাসে ১১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।এলাকাবাসীর অনেকে জানান, কলমা-মোহনটোলা ও অষ্টগ্রাম-ইকরদিয়ার দুটি ডুবো সড়কে অদক্ষ চালকদের কারণে অষ্টগ্রাম উপজেলার কলমা ও আদমপুর ইউনিয়নের ১০টি গ্রামের মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে ডুবো সড়ক দুটিতে এসব যাত্রীবাহী টেম্পো, মালবাহী ট্রাক্টর, সেচযন্ত্র-চালিত যান (ভটভটি) চলতে দেখা যায়। অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ জানান, এখানে চালকদের অধিকাংশই অদক্ষ। তাঁদের বেশির ভাগেরই গাড়ির নিবন্ধন ও গাড়ি চালানোর সনদ নেই। কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধন চন্দ্র দাস জানান, দুই মাসে এসব সড়কে ১১টি দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। গত ১৪ ডিসেম্বরে কলমা-মোহনটোলা সড়কে দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত ও পাঁচজন আহত হন।এলাকাবাসী ও যাত্রীরা জানান, সড়ক দুটিতে গাড়িগুলোর অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় সড়কে নির্বিঘ্নে অবৈধ ছয় আসনবিশিষ্ট পেট্রলচালিত অটোরিকশা চলাচল করছে। রাস্তা দুটিতে কোথাও কোনো গতিরোধক নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় অষ্টগ্রাম উপজেলার কলমা ও আদমপুর ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষকে চলাচলের সময় আতঙ্কে থাকতে হয়।কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী গৌতম প্রসাদ রায় জানান, গতিরোধক নির্মাণের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা মো. সাদেকুর রহমান জানান, এ ব্যাপারে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, সড়ক দুটিতে যানবাহন চলাচলের বিষয়টি তাঁর জানা নেই।