অবৈধ যানের দাপটে ছয় বছর বাস চলাচল বন্ধ
অবৈধ যানের দাপটে বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি সড়কে ছয় বছর ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ওই সড়কের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে মানুষ অবৈধ যানবাহনে চলাচল করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-রংপুর মহাসড়কের রহবল এলাকা থেকে একটি সড়ক বড়িয়ারহাট পর্যন্ত গেছে। এ সড়ক দিয়ে উপজেলার দেউলী ও সৈয়দপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ বগুড়া শহরসহ বিভিন্ন জায়গায় চলাচল করে। এলাকাবাসীর সুবিধার জন্য মোকামতলা মোটর মালিক সমিতি ২০০৩ সালের জানুয়ারি মাস থেকে ওই সড়কে বগুড়া থেকে বড়িয়ারহাট পর্যন্ত নিয়মিত মিনিবাস চালানো শুরু করে। কিন্তু দুই বছরের মাথায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।সরেজমিনে ওই সড়কে বিপুল পরিমাণ ভটভটি চলাচল করতে দেখা গেছে। এগুলো গাদাগাদি করে মানুষ তুলে চলাচল করছে। রহবল এলাকার ভটভটিচালক আজিজুল ইসলাম (৩০) জানান, এ সড়কে প্রতিদিন ৫০ থেকে ৬০টির মতো ভটভটি চলাচল করে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন এসব অবৈধ যান থেকে ১৪ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া সমিতির নামে মাসে তোলা হয় ৫০০ টাকা করে। ভটভটি চলাতে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সে জন্য বিভিন্ন জায়গায় উৎকোচ হিসেবে ব্যয় করা হয় এসব টাকা। রহবল-বড়িয়ারহাট সড়কের ভটভটির যাত্রী জীবনপুর গ্রামের আশরাফুল ইসলাম (৪০) বলেন, সম্প্রতি এ সড়কে ভটভটিতে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় ছয় ছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। মোকামতলা মোটর মালিক সমিতির সভাপতি আবু জাফর জানান, রহবল থেকে বড়িয়ারহাট পর্যন্ত অসংখ্য অবৈধ ভটভটি চলাচলের কারণে বাসের যাত্রী সংখ্যা কম। তাই বাধ্য হয়ে ওই সড়কে বাস চলাচল বন্ধ করা হয়। তিনি আক্ষেপ করে বলেন, ভটভটি চলাচল বন্ধের জন্য সমিতির পক্ষ থেকে চেয়েও পুলিশের সহযোগিতা মেলেনি।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘আমি এ থানায় নতুন যোগদান করেছি। আসার পর ওই ধরনের কোনো অভিযোগ পাইনি। আমার কাছে এ ব্যাপারে অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’