অবৈধ যানের দাপটে তিন সড়কে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরব-মহাস্থানগড় সড়কটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রধান সড়ক হিসেবে পরিচিত। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দেড় লাখ মানুষ বগুড়া শহরসহ দেশের বিভিন্ন জায়গায় আসা-যাওয়া করে। এই গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ যানের দাপটে ১৫ দিন আগে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।শুধু ওই সড়কেই নয়, এর আগে উপজেলার আরও দুটি সড়কেও অবৈধ যানের দাপটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এই তিনটি সড়কের আশপাশের অসংখ্য চাকরিজীবী, শিক্ষক, ছাত্রছাত্রী ও নিয়মিত যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছে। বাধ্য হয়ে অন্য যানবাহনে যাতায়াত করতে গিয়ে মানুষকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও অনেক বেড়ে গেছে। বাসমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই তিনটি সড়কে নছিমন, করিমনসহ তিন চাকার অসংখ্য অবৈধ যান চলাচল করায় তাদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে শিবগঞ্জ-দাড়িদহ সড়কে তিন বছর থেকে বাস চলাচল বন্ধ। আর রহবল-বড়িয়ারহাট সড়কে বাস চলাচল বন্ধ হয়ে আছে সাত বছর ধরে।ওই তিনটি সড়কে গিয়ে দেখা গেছে, সড়কগুলোতে বিপুলসংখ্যক অবৈধ যান নছিমন, করিমন, ভটভটি চলাচল করছে। শিবগঞ্জ-পিরব সড়কে বাস চালাতেন আনিছুর রহমান (৪৫)। তিনি বলেন, এ সড়কে মালিক আর বাস চালাবেন না বলে অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন। কারণ, একটি বাস প্রতিদিন দেড় হাজার টাকার তেল পুড়িয়েও ৪০০-৫০০ টাকা আয় করতে পারছিল না। এর প্রধান কারণ এ সড়কে অবৈধ ভটভটি চলছে দেদার। ইদানীং সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাও অনেক বেড়ে গেছে। ফলে বাস চলাচল করে লাভ তো দূরের কথা, আসলও তোলা যায় না।এলাকার শিক্ষক এমদাদুল হক বলেন, বাস চলাচল বন্ধ বা কমে যাওয়ার পর ওই সব এলাকার ছাত্র-শিক্ষক, চাকরিজীবীসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। উপজেলার বিলপাড় গ্রামের কলেজছাত্র এরশাদুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁর কলেজে যেতে মাঝেমধ্যেই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। পিরব-মহাস্থানগড় সড়কের নিয়মিত যাত্রী ও শিবগঞ্জ কলেজের ছাত্র রবিউল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কলেজে যেতে তার ভটভটি বা সিএনজিচালিত অটোরিকশার ভাড়া হিসেবে ৩০ টাকা বাড়তি খরচ হচ্ছে। কিন্তু সব ছাত্রের পক্ষে প্রতিদিন বাড়তি ৩০ টাকা খরচ সম্ভব নয়। উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন জানান, বাস চলাচল বন্ধ হওয়ায় তাঁর ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি বিড়ম্বনার মধ্যে পড়েছে। তিনি পুনরায় ওই সড়কে বাস চলাচলের দাবি করেন।এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আন্তমহাসড়ক ও মহাসড়কে এসব অবৈধ যান চলাচল করলে আমরা আটক করছি। তবে অন্য সড়কে কিছু চলাচল করছে।’