অবৈধ যানের দাপটে বাস চলাচল বন্ধ
অবৈধ যানের দাপটে ভোলার একটি পথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আরেকটি সড়কে বাস চলাচল কমে গেছে। এ কারণে এ দুটি পথের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে অন্য যানবাহনে করে যাতায়াতে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। জেলা বাসমালিক সমিতি বলছে, ওই দুটি পথে নছিমন, করিমনসহ তিন চাকার অসংখ্য অবৈধ যান চলাচল করায় তাদের লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি এসব যানের কারণে যেসব দুর্ঘটনা ঘটছে তার দায় তাদের নিতে হচ্ছে। এ কারণে তারা ভোলা-ভেলুমিয়া পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। ভোলা-ইলিশা ফেরিঘাট পথেও বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। ভোলা-ভেলুমিয়া পথে এক মাস ধরে বাস চলাচল বন্ধ। এ পথে একটি লঞ্চঘাট, তিনটি কলেজ, ছয়টি মাধ্যমিক বিদ্যালয়, ২০টির বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ভেলুমিয়া ইসলামিয়া আইডিয়াল কলেজের শিক্ষক মো. ইব্রাহীম ও ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ জানান, বাস চলাচল বন্ধ থাকায় এসব এলাকার শত শত ছাত্র-শিক্ষক ও চাকরিজীবী চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ভোলা শহর থেকে ইলিশা ফেরিঘাটের উদ্দেশে আগে ১০ মিনিট পরপর বাস ছাড়লেও বর্তমানে এক ঘণ্টা বা কখনো কখনো আরও বেশি সময় পরপর বাস ছাড়ছে। এই সড়কটি বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের অংশ। বাস কম চলায় এই রাস্তার আশপাশের হাজার হাজার চাকরিজীবী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও নিয়মিত যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছে। ভোলা সদর উপজেলার ইলিশা ইসলামিয়া মডেল কলেজের শিক্ষক জুন্নু রায়হান বলেন, টেম্পোর ভাড়া বেশি হওয়ায় ভোলা-ইলিশা ফেরিঘাট সড়ক দিয়ে আগে প্রতিদিন তাঁদের কলেজের অন্তত ১০০ ছাত্র বাসে করে যাতায়াত করত। সময়মতো বাস না পাওয়ায় ওইসব ছাত্র এখন কলেজে আসা বন্ধ করে দিয়েছে। ভোলা-ইলিশা ফেরিঘাট পথের নিয়মিত যাত্রী এবং নাজিউর রহমান কলেজের ছাত্র সাজ্জাদ হোসেন বলেন, বাস কম চলায় প্রতিদিন টেম্পোতে করে কলেজে যেতে তার ৩০ টাকা বাড়তি খরচ হচ্ছে। কিন্তু সব ছাত্রের পক্ষে প্রতিদিন ৩০ টাকা বেশি খরচ করা সম্ভব নয়। সম্প্রতি সরেজমিনে ওই দুটি সড়কে বিপুলসংখ্যক অবৈধ যান নছিমন, করিমন, ক্যকরা ট্রলি, ব্যাটারিচালিত অটোরিকশা, মাহেন্দ্র-আলফা চলাচল করতে দেখা গেছে। জেলা বাসমালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, ভোলা-ইলিশা ফেরিঘাট পথে তাঁরা বাস চলাচল বন্ধ করে দেবেন। কারণ, একটি বাস প্রতিদিন তিন-চার হাজার টাকার তেল পুড়িয়েও ৩০০-৪০০ টাকা আয় করতে পারছে না। এর প্রধান কারণ জেলার প্রধান মহাসড়ক ও আন্তপ্রধান সড়কে তিন চাকার অবৈধ টেম্পো (নছিমন, করিমন) ও অটোরিকশা চলছে। এতে বাসগুলোর আয় কমছে। এসব অবৈধ যানের কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। আর এর দায় চাপানো হচ্ছে আমাদের ওপর। জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম বলেন, বিআরটিএর নীতিমালা অনুযায়ী আন্তমহাসড়ক ও মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, ক্যকরা ট্রলি, রুট পারমিটবিহীন টেম্পো ও অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা এগুলো ধরার নির্দেশ দিয়েছি।পুলিশ সুপার বশির আহাম্মদ বলেন, আন্তমহাসড়ক ও মহাসড়কে এসব অবৈধ যান চলাচল করলে আমরা আটক করছি। তার পরেও কিছু চলাচল করছে।