অবৈধ যানের বেপরোয়া চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের যানজটে নাকাল হচ্ছে বরগুনা শহরবাসী। যত্রতত্র এসব যানবাহন অঘোষিত স্ট্যান্ড বানিয়ে যাত্রী পরিবহন করায় মূল সড়কগুলোতে লেগে থাকে যানজট। শহরের পাড়া-মহল্লা অলি-গলিতে এসব যানের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ-দুর্ঘটনা।

শুরুতে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হওয়ায় এসব যান জনপ্রিয় হয়ে উঠলেও পরে সংখ্যার দিক থেকে বেড়ে যাওয়ায় এখন তা সুবিধার পরিবর্তে জনজীবনে মহাভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় শহরগুলোতে এসব যানকে অবৈধ ঘোষণা করা হলেও বরগুনায় এসবের লাইসেন্স দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষ এসব বিপজ্জনক যানের লাইসেন্স দেওয়ায় এ নিয়ে নাগরিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়,শহরের সদর রোডের পুরোনো নদীবন্দর এলাকা, পৌর মার্কেটের সামনের এলাকা, টাউন সেতুর পূর্ব পাড়, মাদ্রাসা সড়ক, সিরাজউদ্দীন সড়ক, বাকালিপট্টি, মাছবাজার, বটতলা, কেজি স্কুল মোড়সহ শহরের যত্রতত্র এসব ইজিবাইক ও অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব এলাকায় পথচারীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। সড়কের ওপরে স্ট্যান্ড হওয়ায় এসব এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। কোনো রকম নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব যান চলাচল করায় শহরের ব্যস্ততম সদর রোডের নদীবন্দর এলাকা থেকে টাউন সেতু পর্যন্ত এলাকায় সারা দিনই ব্যাপক যানজট লেগে থাকে। এসব যান বিপজ্জনক গতিতে চলাচল করায় অহরহ ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। পাশাপাশি এসব যানের বেশির ভাগেই উচ্চমাত্রার শব্দের হর্ন ব্যবহার করায় বাড়ছে শব্দদূষণ।

শহরের ডিকেপি সড়কের বাসিন্দা মুক্তিযোদ্ধা শামসুল আলম বলেন, অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত দুই আসনের অটোরিকশার বেপরোয়া গতির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এ ছাড়া এসব যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মারাত্মক শব্দদূষণের শিকার হচ্ছে মানুষ। এসব যানের চালকদের প্রশিক্ষণ না থাকায় অহরহ দুর্ঘটনা ঘটছে। এসব যান নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

বরগুনা পৌরসভার লাইসেন্স শাখার সূত্র বলছে, কেবল শহরে পৌরসভার লাইসেন্স আছে এমন রিকশা ও ইজিবাইকের সংখ্যা ২ হাজার ৭৮৮টি। এর মধ্যে ১৮৮টি ইজিবাইক ও ২ হাজার ৬০০টি অটোরিকশা। তবে পৌরসভার দেওয়া সংখ্যার চেয়ে শহরে চলাচলকারী এই যানের সংখ্যা দ্বিগুণেরও বেশি। আর পৌর এলাকার বাইরে চলাচল করছে আরও অন্তত ৩ হাজার ইজিবাইক ও রিকশা।

সূত্র জানায়, নতুন ইজিবাইকের লাইসেন্সের জন্য ৩ হাজার ১৯০ টাকা এবং ব্যাটারিচালিত দুই আসনের রিকশার জন্য ১ হাজার ১০০ টাকা ফি নেওয়া হয়। এ ছাড়া প্রতিবছর দুই আসনের রিকশার লাইসেন্স নবায়নের জন্য ১ হাজার ৪১০ টাকা নেওয়া হয়। তবে ইজিবাইকের লাইসেন্স নবায়নের জন্য ফি এখনো নির্ধারণ করা হয়নি।

পৌর কর্তৃপক্ষ সূত্র জানায়, ব্যাটারিচালিত রিকশার কারণে শহরে যানজটের সমস্যা হওয়ায় এসব রিকশা ও ইজিবাইকের চলাচল বন্ধের জন্য কয়েকবার মাইকিং করা হয় এবং অভিযান চালানো হয়। তবে এসব অভিযানে কোনো কাজ হয়নি। এ জন্য শেষ পর্যন্ত এসব যানকে লাইসেন্স দিয়ে বৈধতা দেওয়া হয়েছে। এতে পৌরসভার আয় বেড়েছে।

এ ধরনের যানবাহনের লাইসেন্স দেওয়ার এখতিয়ার পৌর কর্তৃপক্ষের আছে কি না, জানতে চাইলে বিআরটিএর বরিশাল অঞ্চলের উপপরিচালক শহিদুল্লাহ কায়সার প্রথমআলোকে বলেন, ‘এটা যানবাহনের আওতায় পড়ে না। এ জন্য সিটি করপোরেশন অথবা পৌরসভা কোনোক্রমেই এর লাইসেন্স দিতে পারে না। যদি দিয়ে থাকে, তবে তা অবৈধ। আমরা বরিশাল সিটি করপোরেশনে চিঠি দিয়ে এসবের লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছি। কোনো পৌর কর্তৃপক্ষ এটা দিলে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন প্রথমআলোকে বলেন, ‘এসব যান বিপজ্জনক ও অবৈধ এটা ঠিক। আমরা কয়েকবার এসব যান বন্ধের জন্য অভিযান চালিয়েছি, কিন্তু নানা কারণে বন্ধ করা যায়নি। এ জন্য আমরা এসব যানবাহনের লাইসেন্স দিয়েছি। এতে পৌরসভার রাজস্ব বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া এসব যানবাহনের সঙ্গে কয়েক হাজার পরিবারের জীবন-জীবিকা জড়িত। তাই মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ এ ধরনের চিঠি দিলে আমরা লাইসেন্স দেওয়া বন্ধ করে দেব।’