অবৈধ যানের বৈধতা দিচ্ছে ঠাকুরগাঁও পৌরসভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা থাকার পরও ঠাকুরগাঁও পৌর এলাকায় অবাধে চলছে ব্যাটারিচালিত রিকশা। এতে ঘটছে দুর্ঘটনা। ছবিটি গতকাল শহরের চৌরাস্তা থেকে তোলা l প্রথম আলো
নিষেধাজ্ঞা থাকার পরও ঠাকুরগাঁও পৌর এলাকায় অবাধে চলছে ব্যাটারিচালিত রিকশা। এতে ঘটছে দুর্ঘটনা। ছবিটি গতকাল শহরের চৌরাস্তা থেকে তোলা l প্রথম আলো

নিষেধাজ্ঞা থাকার পরও ঠাকুরগাঁও পৌর এলাকায় অবাধে চলছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অবৈধ এসব বাহন সড়কে চলাচল বন্ধে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেও পৌর কর্তৃপক্ষ উল্টো টাকার বিনিময়ে নম্বর প্লেট (নিবন্ধন) দিয়ে তা চলাচলে বৈধতা দিচ্ছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গত বছরের ১৪ জুন ঠাকুরগাঁও জেলা প্রশাসককে চিঠি দিয়ে ব্যাটারিচালিত রিকশা তৈির, বিপণন, বাজারজাতকরণসহ সড়কে চলাচল বন্ধে উদ্যোগ নিতে আহ্বান জানান।
ওই চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় প্যাডেলচালিত রিকশায় ব্যাটারি ও মোটর সংযুক্ত একধরনের বাহন চলাচল করছে। রিকশা একটি ধীরগতির নন-মোটরাইজড বাহন। এসব বাহনের নকশা, গঠনকাঠামো ও নিরাপত্তা ইউনিট (ব্রেক, সাসপেনশন, স্টিয়ারিং) মোটরাইজড বাহন থেকে সম্পূর্ণ ভিন্ন। ব্যাটারি ও মোটরের সাহায্যে রিকশা চালানো হলে এটি দ্রুতগতির বাহনে রূপান্তরিত হয়। রিকশার জন্য নকশাকরা নিরাপত্তা ইউনিট দিয়ে তখন আর এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। এ কারণে রিকশায় ব্যাটারি ও মোটর সংযুক্ত করলে এটি একটি নন-স্ট্যান্ডার্ড বাহনে পরিণত হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এসব বাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সড়ক নিরাপত্তার জন্য এটি একটি স্থায়ী ও অযোগ্য সংকট সৃষ্টি করবে। ব্যাটারি ও মোটর সংযুক্ত রিকশা চলাচলে সড়কে দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন সড়কে অন্য সব যানের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা চলছে। এসব রিকশার পেছনে পৌরসভার নম্বর প্লেট রয়েছে। এটাই এসব যানের লাইসেন্স।
রিকশাচালক মো. আরফান আলী বলেন, ব্যাটারিচালিত একটি রিকশার নিবন্ধনের (নম্বর প্লেট) জন্য বছরে ৩৫০ টাকা নেয় পৌরসভা। আর চালকের লাইসেন্স পেতে দিতে হয় আরও ৫০ টাকা। প্রতিবছর আবার এগুলো নবায়ন করা লাগে।
শহরের আশ্রমপাড়ার বাসিন্দা শিক্ষক আবদুল গণি বলেন, ব্যাটারিচালিত রিকশায় চলাচল করতে গিয়ে তিনি দুই দফা দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুতগতির কারণে অদক্ষ চালকেরা এসব রিকশা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারেন না।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, জহিরুল ইসলামসহ কয়েকজন বলেন, চলাচলে নিষেধ থাকলেও পৌরসভার লোকজন ব্যাটারিচালিত রিকশাগুলোকে লাইসেন্স দেওয়ার নামে টাকা আদায় করছেন। পৌরসভা থেকে রিকশার লাইসেন্স প্রদানের দায়িত্বে থাকা মো. আজাদ বলেন, শহরে ৪ হাজারের মতো ব্যাটারিচালিত রিকশা চলাচল করলেও গতকাল (মঙ্গলবার) বেলা ১১টা পর্যন্ত ১ হাজার ৯১৯টি রিকশায় নম্বর প্লেট দেওয়া হয়েছে।
বিআরটিএ ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আলম বলেন, ‘আমরা রিকশার কোনো লাইসেন্স দিই না। এ ছাড়া অযান্ত্রিক যানে যন্ত্র লাগানোও বৈধ নয়। এসব যান চালাচল বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’ পৌরসভার সচিব মো. রাশেদুর রহমান বলেন, ‘প্রতিটি পৌরসভায় রিকশার নম্বর প্লেট দেওয়ার নিয়ম রয়েছে। তাই আমরাও দিচ্ছি। ব্যাটািরচালিত রিকশা বন্ধ করার সিদ্ধান্ত হলে নম্বর প্লেট দেওয়াও বন্ধ করা হবে।’
জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।