কুষ্টিয়ায় মহাসড়ক ঘেঁষেই তৈরি হচ্ছে অবৈধ পরিবহন। নছিমন, করিমন, আলমসাধু, ভটভটিসহ বিভিন্ন নামের এসব যান তৈরির কারখানা গড়ে উঠছে একের পর এক। এসব কারখানা ও মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল বন্ধে প্রশাসনিক তৎপরতা নেই। এসব যানবাহনের কারণে গত দুই বছরে জেলায় সড়ক দুর্ঘটনায় ৩০ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক।সরেজমিন দেখা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঘেঁষে ভাদালিয়া ও বটতৈল বাজারে নছিমন-করিমনের প্রায় ৬০টি কারখানা গড়ে উঠেছে। সব মিলিয়ে জেলায় রয়েছে শতাধিক কারখানা। এসব কারখানায় পুরুষদের পাশাপাশি ১২-১৩ বছরের শিশুরাও ঝুঁকি নিয়ে কাজ করে। প্রতিদিন ১০০টির বেশি যানবাহন বিক্রি হয়ে দেশের ৬৪টি জেলায় ছড়িয়ে পড়ছে এসব কারখানা থেকে। মহাসড়কসহ ছয়টি উপজেলার আঞ্চলিক ও জেলা সড়কে পাঁচ হাজারের বেশি এ ধরনের অবৈধ যান চলাচল করে।কুষ্টিয়া জেলায় প্রথম ও সবচেয়ে বড় কারখানার মালিক আবদুর রশিদ। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারে। আবদুর রশিদ প্রথম আলোকে জানান, তিনিই প্রথম ১৯৯৬ সালে নছিমন তৈরি করেন। এর জন্য একবার পুলিশ তাঁকে থানায় নিয়েছিল। তিনি এখন প্রতিদিন ১০-১২টি যান তৈরি করে সরবরাহ করেন।অভিযোগ পাওয়া গেছে, এসব যান তৈরির কারখানা বন্ধ ও মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ না হওয়ার পেছনে প্রশাসন, হাইওয়ে ও পুলিশ বিভাগের হাত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক মালিক বলেন, কারখানার মালিক ও চালকদের কাছ থেকে প্রতি মাসে টাকা আদায় করা হয়। এ টাকার ভাগ সবাই পায়।স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাংলা টেম্পো পরিবহন কর্মজীবী সোসাইটি নামে মালিক ও নছিমন-করিমনের চালকের কাছ থেকে প্রতি মাসে ২৫০ থেকে ৫০০ টাকা আদায় করা হয়। গ্রাম থেকে শহর এলাকায় যেসব নছিমন-করিমন আসে, সেগুলোতে বিশেষ এক ধরনের চিহ্ন দেওয়া ‘টোকেন’ ব্যবহার করা হয়। নছিমনের চালক মোজাম বলেন, টোকেন কাছে থাকলে রাস্তায় কোনো ঝামেলায় পড়তে হয় না।এ ব্যাপারে আবদুর রশিদ বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় থেকে টাকা উত্তোলন বন্ধ হয়ে গেছে। তবে জেলার প্রতিটি পুলিশ ক্যাম্পে রাতে টহলের জন্য একটি করে নছিমন দিতে হয়। এ জন্য পুলিশ কোনো টাকা দেয় না, এমনকি গাড়ির তেল খরচটাও দেয় না। সেটা অবশ্য জনগণের সেবার জন্যও কাজ করে।’ বন্ধের ব্যাপারে তিনি বলেন, ইচ্ছা করলেই নছিমন-করিমন বন্ধ করা যায় না। হাজার হাজার নছিমন-করিমন চলাচল বন্ধ করে দিলে এসব পরিবারের লোকজন খাবে কী। সরকার থেকে বৈধতা দিলে সবার জন্য ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।বিআরটিএর মোটর যান পরিদর্শক (কুষ্টিয়া সার্কেল) হুমায়ন কবীর প্রথম আলোকে বলেন, ‘কারখানা ও এসব যানবাহন সম্পূর্ণ অবৈধ। এগুলো তৈরি ও চলাচলে কোনো অনুমোদন নেই। প্রশাসন ও পুলিশ এগুলো বন্ধে আইনগত পদক্ষেপ নিতে পারে। এসব যান খুবই ঝুঁকিপূর্ণ। কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর আলম বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠক ও পরিবহন ধর্মঘট ডেকেও নছিমন-করিমন মহাসড়কে বন্ধ করা যায়নি। জেলা আইনশৃঙ্খলা সভায় এ নিয়ে অনেক প্রস্তাব উত্থাপন করা হয়। কোনো কাজ হয় না।পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও এ যানের ধাক্কায় আঘাত পেয়েছি, বন্ধে অভিযান চালানো হবে। কিন্তু চালকেরা খুবই গরিব আর চাপ (জনপ্রতিনিধি) থাকে।’ টোকেনের মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, গত দুই বছরে এ ধরনের কথা তিনি প্রথম শুনলেন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, কারখানা বন্ধের ব্যাপারে সরকার পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। জেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়। কিন্তু জনপ্রতিনিধিরা গরিব মানুষের কথা বিবেচনা করে আপত্তি জানায়। তবে মহাসড়কে এর চলাচল বন্ধে অভিযান চালানো হয়, সেটাও মাঝেমধ্যে।