অবৈধ যানের স্বার্থে বন্ধ বৈধ যানের চলাচল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধন ও কর পরিশোধের কাগজপত্র থাকা সত্ত্বেও খুলনা নগরে চার স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট তিন চাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশদূষণকারী অবৈধ দুই স্ট্রোক ইঞ্জিনের বেবট্যাক্সিগুলো চলাচলের স্বার্থে বৈধ ওই যান চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।নগরবাসী ও পরিবেশবান্ধব চার স্ট্রোক ইঞ্জিনের যানের চালকেরা অভিযোগ করেছেন, বেবিট্যাক্সি ইউনিয়নের নেতারা তাঁদের অবৈধ যান চলাচল চালু রাখতে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে পরিবেশবান্ধব এ বৈধ যান চলাচল বন্ধ করে দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনায় চলতি বছর শতাধিক চার স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট তিন চাকার যান আমদানি করা হয়। এসব যানবাহন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নিবন্ধনসহ আনুষঙ্গিক অন্যান্য বৈধ কাগজপত্র নিয়ে নগরে চলাচল শুরু করে।চালকেরা জানান, বেবিট্যাক্সি ইউনিয়নের নেতাদের গাড়িপ্রতি তিন থেকে ছয় হাজার টাকা দিয়ে নয় মাস ধরে ৭৪টি চার স্ট্রোক ইঞ্জিনের এ যান নগরে চলতে থাকে। গত ১ অক্টোবর থেকে নগরে এসব যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া নতুন আমদানি করা ২৭টি গাড়ি বিআরটিএর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সে হিসাবে মোট ১০১টি গাড়ি নগরে বেকার পড়ে রয়েছে। নগরবাসীর অভিযোগ, খুলনায় পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলে আসছে। নিবন্ধনবিহীন পরিবেশদূষণকারী অবৈধ যানবাহনের মালিক, চালক ও শ্রমিকেরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় ডিজেলচালিত অল্প ভাড়ার নয় আসনবিশিষ্ট তিন চাকার যান চলাচল বন্ধ করে দিয়েছে। এদের কারণে খালিশপুরের বিশাল শিল্পাঞ্চলে আজও নগর পরিবহনের বাস চালু করা যায়নি। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, ফিটনেসবিহীন বেবিট্যাক্সিগুলো নগরের পরিবেশ দূষণ করে চলছে। অথচ বিআরটিএ, পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। উল্টো পরিবেশবান্ধব চার স্ট্রোকের যান চলতে দেওয়া হচ্ছে না। যোগাযোগ করা হলে বিআরটিএর খুলনা অঞ্চলের পরিচালক সেলিম বক্স বলেন, ‘আমরা চার স্ট্রোক ইঞ্জিনের তিন চাকার যান চলতে দিতে চাই। কিন্তু সম্প্রতি খুলনা নগর আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভায় কিছু সদস্যের আপত্তির কারণে এসব যানের রুট পারমিট দেওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক চাপের কারণে এদের রুট পরমিট দেওয়া যাচ্ছে না।’সেলিম বক্স আরও জানান, তাঁদের হিসাব অনুযায়ী নগরে দুই হাজারের মতো বেবিট্যাক্সি চলাচল করছে। এসব যানের অধিকাংশই চলাচলের অযোগ্য। এসব যানের ফিটনেস এবং ট্যাক্স-টোকেনও নেই। রাজনৈতিক প্রভাবের কারণে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। অথচ এসব অবৈধ যান চালু রাখতে পরিবেশবান্ধব চার স্ট্রোক ইঞ্জিনের তিন চাকার যান চলতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক চাপের কথা নিশ্চিত করে খুলনা নগর পুলিশের কমিশনার সফিকুর রহমান বলেন, নগর আরটিসির সভায় কিছু সদস্যের চাপের কারণে চার স্ট্রোক ইঞ্জিনের তিন চাকার যান নগরে চলাচল বন্ধ করা হয়েছে।যুক্ত হবে। খুলনা-দৌলতপুর বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হালিম বন্দ প্রথম আলোকে বলেন, খুলনা মহনগরে প্রায় দুই হাজার বেবিট্যাক্সি ৫০ বছর ধরে চলাচল করছে। হঠাৎ করে ফোর স্ট্রোকের চলাচল শুরু হলে বেবিট্যাক্সিতে যাত্রীর সংখ্যা কমতে শুরু করে। এতে গরিব চালকদের না খেয়ে মরার অবস্থা দাঁড়ায়। এ কারণে বেবিট্যাক্সিচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন ফোর স্ট্রোকের পরিবহন চলাচল আপাতত বন্ধ রেখেছে। তবে তাঁরা এগুলোর চলার বিপক্ষে নন। ধীরে ধীরে এ সমস্যা মিটে যাবে।