অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী রাষ্ট্রপতিদের অবসর ভাতা, আনুতোষিক বা অন্যান্য সুবিধা পাওয়ার পথ বন্ধ করার বিধান রেখে রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল ২০১৫ আজ সোমবার সংসদে উত্থাপিত হয়েছে।
সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। গত আগস্টে বিলটি মন্ত্রিসভার অনুমোদন পায়। ১৯৭৯ সালের প্রেসিডেন্টস পেনশন অরডিন্যান্স বাতিল করে নতুন আইন প্রণয়নের জন্য বিলটি সংসদে তোলা হয়েছে।
বিলে বলা হয়, অসাংবিধানিক পন্থায় বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছেন বা হয়েছিলেন বলে সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত হলে, তিনি অবসর ভাতা পাবেন না। মূল বেতনের ৭৫ শতাংশ হারে একজন সাবেক রাষ্ট্রপতি অবসর ভাতা পাবেন। রাষ্ট্রপতি তার জীবদ্দশায় নিজে অথবা মৃত্যুবরণ করলে তাঁর মনোনীত ব্যক্তি বা মনোনীত ব্যক্তির অনুপস্থিতিতে তাঁর উত্তরাধিকারীরা এবং কোনো রাষ্ট্রপতি এর আগে আনুতোষিক না নিলে তাঁর উত্তরাধিকারীরা তা নিতে পারবেন। কোনো ব্যক্তি অন্যূন ছয় মাস রাষ্ট্রপতির পদে থাকলে বা মেয়াদ শেষ হওয়ার কারণে পদে না থাকলে তিনি আমৃত্যু অবসর ভাতা পাবেন।
অবসরে যাওয়া রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনড্যান্ট এবং দাপ্তরিক ব্যয় পরিচালনার খরচ পাবেন বলে বিলে বলা হয়েছে। আরও বলা হয়েছে, তিনি একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধা, সরকারি অনুষ্ঠানে যাওয়ার জন্য বিনা মূল্যে যানবাহন ব্যবহার, বাড়িতে টেলিফোন, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকতে পারবেন।
আরও বলা হয়েছে, যদি কোনো রাষ্ট্রপতি নৈতিক স্খলন বা অন্য কোনো অপরাধে আদালতে দণ্ডিত হন, তাহলে তিনি অবসর ভাতা পাবেন না। একই সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি যদি এমন কোনো দপ্তর, আসনে বা মর্যাদায় দায়িত্ব পালন করেন, যার জন্য তিনি সংযুক্ত তহবিল হতে বেতন বা অন্য কোনো সুবিধা পাচ্ছেন, তবে তিনি অবসর ভাতা পাবেন না।
হাইকোর্টের দুটি আলাদা রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জারি করা সামরিক শাসনামল, জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন খন্দকার মুশতাক আহমেদ, বিচারপতি আবু সায়েম, জিয়াউর রহমান, বিচারপতি এ এফ এম আহসানুদ্দিন চৌধুরী ও এইচ এম এরশাদ।
প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার দিন তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের পরিবার রাষ্ট্রপতি হিসেবে অবসর ভাতা নেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার কখনো পেনশন নেয়নি। কারণ ওই আইনটিই হয়েছিল ১৯৭৯ সালে। নতুন আইন পাস হলে বঙ্গবন্ধুর উত্তরাধিকারীরা তা পাবেন।
সবশেষে সংসদের অধিবেশন কাল বিকেল সোয়া চারটা পর্যন্ত মুলতবি করা হয়।