অবৈধ লেগুনার স্টিয়ারিং শিশুদের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেগুনা চালাচ্ছে শিশু। হেলপারও আরেক শিশু। গতকাল সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়।  ছবি: প্রথম আলো
লেগুনা চালাচ্ছে শিশু। হেলপারও আরেক শিশু। গতকাল সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। ছবি: প্রথম আলো

গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তিনটি সড়কে প্রতিদিন দুই শতাধিক লেগুনা চলাচল করে, যার বেশির ভাগই ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ। লেগুনার অধিকাংশ চালক শিশু। প্রায় প্রতিদিনই এসব লেগুনা ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে।

চান্দনা চৌরাস্তা এলাকায় চলাচল করা যাত্রীরা বলেন, লেগুনার মালিকেরা টাকা বাঁচানোর জন্য কম বয়সের চালক দিয়ে গাড়ি চালাচ্ছেন। বেশির ভাগ লেগুনা ফিটনেসবিহীন ৩০ থেকে ৩৫ বছর পুরোনো মাইক্রোবাস কেটে তৈরি করা হয়েছে।

এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, শ্রীপুরের মাওনা পর্যন্ত এবং জয়দেবপুর শহর পর্যন্ত চলাচল করে এই লেগুনাগুলো। চান্দনা চৌরাস্তা মোড়ে তিনটি স্ট্যান্ডে দুই শতাধিক লেগুনা রয়েছে। নির্ধারিত কোনো স্থান না থাকায় চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের ওপরই থামিয়ে লেগুনার যাত্রী ওঠানো-নামানো হয়।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, অধিকাংশ লেগুনার চালক ও সহযোগীর বয়স ১০ থেকে ১৫ বছর। এসব শিশু পাঁচ-ছয় মাস পেরোলেই চালকের আসনে বসে পড়ে। পর্যায়ক্রমে এ শিশুরাই কম টাকা বেতন নিয়ে নিয়মিত লেগুনা চালাতে শুরু করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এসব অদক্ষ শিশু-কিশোর চালকদের জন্য।

গাজীপুর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, লেগুনা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিলে নানা প্রতিকূলতার জন্য তারা সেটা সফল হতে পারেনি। এ ছাড়া পর্যাপ্ত গাড়ি না থাকায় গাজীপুরে পুলিশ সদস্যরা মাঝেমধ্যে টহল ও যাতায়াতের জন্য এই লেগুনাগুলো ব্যবহার করেন। ফলে অবৈধ লেগুনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুব একটা আগ্রহী নয় তারা।

সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করে দেখা গেছে, টাঙ্গাইল রোডে চলাচলকারী লেগুনার অধিকাংশ চালকের বয়স ১৮ বছরের কম। এক চালক কালাম মিয়া (১৮) জানান, অনেক দিন ধরে তিনি লেগুনার হেলপার হিসেবে কাজ করছেন। একটু একটু করে চালাতে চালাতে এখন তিনি চালক হয়ে গেছেন। এখনো অবশ্য চালানোর লাইসেন্স নেই বলে জানান তিনি।

চৌরাস্তা থেকে জয়দেবপুরের দিকে যাওয়ার স্ট্যান্ডে দেখা গেছে, তিনটি লেগুনার চালকের আসনে তিনটি শিশু। তাদের সহযোগীরাও শিশু। এরা সবাই পর্যায়ক্রমে যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে।

চান্দনা চৌরাস্তা এলাকার বাসিন্দা আজাদ মিয়া জানান, যাত্রীর তুলনায় বাস কম। ফলে লেগুনাতে যাতায়াত করতে হয়। আর মালিকেরা টাকা বাঁচাতে শিশু-কিশোরদের হাতে তুলে দিয়েছেন স্টিয়ারিং। এতে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা বন্ধ করতে এসব অবৈধ যানবাহন বন্ধ করা এবং লাইসেন্স ছাড়া যারা গাড়ি চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

গাজীপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. অহিদুজ্জামান জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনার বড় কারণ এসব অবৈধ যাত্রীবাহী লেগুনা। লেগুনার চালকেরাও অদক্ষ, নেই কোনো লাইসেন্স। এসব অবৈধ লেগুনা এবং ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা গেলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে।