অবৈধ লেনদেন না করতে মাইকিং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ-সংযোগ নিতে অবৈধ লেনদেন না করার জন্য পোস্টার লাগানো হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকা থেকে আজ সোমবার ছবিটি তোলা হয়েছে। ছবি: সাজেদুল আলম, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
বিদ্যুৎ-সংযোগ নিতে অবৈধ লেনদেন না করার জন্য পোস্টার লাগানো হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকা থেকে আজ সোমবার ছবিটি তোলা হয়েছে। ছবি: সাজেদুল আলম, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

বিদ্যুৎ-সংযোগ পেতে হয়রানির অভিযোগ হর হামেশাই শোনা যায়। বাড়তি অর্থ ব্যয়ের অনিয়মই যেন এ ক্ষেত্রে নিয়মে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে পুরো উল্টো চিত্র দেখা গেল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ-সংযোগ পেতে অবৈধ লেনদেন না করতে মাইকিং করা শুরু করেছে। টাঙানো হচ্ছে পোস্টার।

আজ সোমবার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে রায়গঞ্জ উপজেলায় জনসচেতনতামূলক মাইকিং করা হয়। এতে বিদ্যুৎ-সংযোগ প্রত্যাশী নতুন গ্রাহকদের নির্ধারিত ফির বাইরে কোনো ধরনের লেনদেন না করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

মাইকিংয়ে বলা হচ্ছে, বিদ্যুতের নতুন সংযোগ নেওয়ার জন্য নির্ধারিত ফরম অনুযায়ী টাকা জমা দিতে হবে। এর বাইরে আর কোনো অর্থ কাউকে দেওয়া যাবে না। দুর্নীতিমুক্ত পরিবেশে বিদ্যুৎ-সংযোগ দিতে সবার সহযোগিতা প্রয়োজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রায়গঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ চলছে। বিভিন্ন সময়ে সংযোগ নিতে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ ওঠায় এ মাইকিং করা হচ্ছে বলে পল্লী বিদ্যুতের একটি সূত্র জানায়। এ পর্যন্ত ৯০ ভাগ সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে বলে জানা যায়।

ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম খান বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি পোস্টার লাগানো হচ্ছে। শুক্রবারে জুমার নামাজে এ বিষয়ে বয়ান করতে ইমামদের অনুরোধ করা হয়েছে।