অবৈধ শাখা থাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে আউটার ক্যম্পাস পরিচালনাকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে শিগগির আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে কুইন্স ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি (আম্বান) আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।জোট সরকারের সময় শর্ত মেনে উচ্চশিক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ২০০৬ সালে পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ বাতিল করা হয়। এগুলোর মধ্যে বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সরকারের সিদ্ধান্ত মেনে নেয়, বাকি তিনটি আইনের আশ্রয় নিয়ে চলছে। এই তিনটির মধ্যে আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি খুলনা, রাজশাহী ও বগুড়ায় শাখা খুলেছে। গতকাল জাতীয় সংসদে জানানো হয়, ‘২০০৬ সালে সরকার কর্তৃক বন্ধ করা আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি সরকারের আদেশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে স্থগিতাদেশ নেয়। ওই বিশ্ববিদ্যালয়টিও দেশের বিভিন্ন অঞ্চলে আউটার ক্যাম্পাস খুলে অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে।’সংসদে প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার নামে ব্যবসা করার খবর পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৭ সালে আউটার ক্যাম্পাস ও দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা বন্ধ করে দেয়। সরকারের এ আদেশের বিরুদ্ধে দারুল ইহসান ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এবং লিডিং ইউনিভার্সিটি মামলা দায়ের করে স্থগিতাদেশ নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে বেশ কিছু আউটার ক্যাম্পাস পরিচালনা করছে বলে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এমনকি সরকার কর্তৃক আউটার ক্যাম্পাস বন্ধ করার আদেশের বিরুদ্ধে একটি গ্রুপ আদালতে মামলা দায়ের করে স্থগিতাদেশ নিয়ে কার্যক্রম চালাচ্ছে। বাকি চারটি গ্রুপ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আউটার ক্যাম্পাস খুলে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির এমন কার্যকলাপের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী সরকার শিগগির কার্যকরী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। প্রশ্নের জবাব দেওয়া হলেও শিক্ষামন্ত্রী গতকাল সংসদে উপস্থিত ছিলেন না। মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা: এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান জানান, মিথ্যা হলফনামা দিয়ে কেউ রাজউকের কাছ থেকে প্লট নিয়েছেন কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।ফজলুল আজিমের প্রশ্নের জবাবে পূর্ত প্রতিমন্ত্রী জানান, ঢাকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরসংক্রান্ত একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন রয়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ২০১৩ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।হাফিজউদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে আব্দুল মান্নান খান জানান, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪-এর আওতায় উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৯৬টি এবং ডেভেলপার কোম্পানি ১০টি। অনিবন্ধিত বেসরকারি আবাসিক প্রকল্পের উদ্যোক্তা প্রতিষ্ঠানের তালিকা রাজউকের কাছে নেই। এদের বিরুদ্ধে এ পর্যন্ত ২২টি মামলা হয়েছে। আব্দুল মান্নান আরও জানান, এরই মধ্যে রিয়েল এস্টেট উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনা আইন, ২০১০ কার্যকর করা হয়েছে। অননুমোদিত হাউজিং কোম্পানি ও ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে এ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।১২ হাজার স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন বাতিল হচ্ছে: মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানান, বর্তমানে দেশে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সংখ্যা ৫৭ হাজার ৯৬৬টি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুনানি গ্রহণ করে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া সংস্থার নিবন্ধন বাতিল করার পদক্ষেপ নিয়েছে। এ পর্যন্ত প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন বাতিলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: এ বি এম আবুল কাশেমের প্রশ্নের জবাবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান জানান, প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ২০১২ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে।