মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধতা দিতে ই-কার্ড নামের কর্মসূচিতে নিবন্ধন নিতে যাঁরা ব্যর্থ হয়েছেন তাঁদের জন্য আবারও বাড়তি সময় চেয়েছে বাংলাদেশ। তবে ওই অনুরোধে কিছুই বলেনি মালয়েশিয়া।
গতকাল সোমবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলীর কাছে এই অনুরোধ জানায় বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম। অবৈধ বিদেশি শ্রমিকদের পরিস্থিতি নিয়ে অবহিত করতে বাংলাদেশ, ভারত ও নেপালের কূটনীতিকদের তাঁর দপ্তরে ডাকেন মুস্তাফার আলী।
গত রাতে কুয়ালালামপুরের একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
মালয়েশিয়ার কূটনীতিক সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়ার তিন দেশের কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে মুস্তাফার আলী অবৈধ শ্রমিকদের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, তাঁর দেশ অবৈধভাবে কর্মরত শ্রমিকদের বিষয়টিতে শৃঙ্খলা আনতে চায়। তাই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে পর্যায়ক্রমে তাঁদের সবাইকে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।
মালয়েশিয়ার সরকার অবৈধ হয়ে পড়া বিদেশি শ্রমিকদের বৈধতা দিয়ে অস্থায়ীভাবে কাজের সুযোগ নিশ্চিত করতে এনফোর্সমেন্ট কার্ড (ই-কার্ড) দেওয়ার ঘোষণা দেয়। ওই কর্মসূচিতে নিবন্ধনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩০ জুন শেষ হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, অবৈধ বিদেশি শ্রমিকদের মাত্র ২৩ শতাংশ ওই কর্মসূচির সুযোগ নিয়েছে।
গতকালের ব্রিফিংয়ে নিয়োগকর্তা ও দালালের মাধ্যমে নিবন্ধনের সুযোগ নিতে গিয়ে বাংলাদেশের শ্রমিকেরা অবৈধ হয়ে পড়েছেন, এই প্রসঙ্গটি তুলেছে বাংলাদেশ। তাই এসব লোকজনের বৈধতার জন্য বাংলাদেশ আবার সুযোগ দেওয়ার অনুরোধ জানায়। বাংলাদেশের অনুরোধে কিছুই বলেনি মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক। এর পাশাপাশি ই-কার্ড নিবন্ধনে ব্যর্থ লোকজনের ধরপাকড়ের কারণে অনেকে ভয়ে রিহায়ারিং কর্মসূচিতে নিবন্ধনের ক্ষেত্রে ভয় পাচ্ছেন। বিষয়টি গতকালের আলোচনায় বাংলাদেশ তুলেছে।
গতকালের ওই বৈঠকে এ পর্যন্ত ৩ হাজার ৪০০ অবৈধ বিদেশি শ্রমিককে গ্রেপ্তারের কথা বলা হয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি, সেটা স্পষ্ট করে বলা হয়নি। মালয়েশিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী গ্রেপ্তার হওয়া অবৈধ বিদেশি শ্রমিকদের বড় অংশ বাংলাদেশের নাগরিক।