অবৈধ শ্রমিকদের বেতন না হওয়ায় মিল্ক ভিটার কারখানা বন্ধ!
মিরপুরে মিল্ক ভিটার দুগ্ধ কারখানা ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী প্ল্যান্টের উৎপাদন বন্ধ করে দিয়েছেন মিল্ক ভিটার কিছু শ্রমিক-কর্মচারী। মন্ত্রণালয়ের নির্দেশে অবৈধ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা না হওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ১০ জানুয়ারি ৭৬ জন শ্রমিক-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেয় মিল্ক ভিটার পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি। এই নিয়োগের জন্য ব্যবস্থাপনা কমিটির সভায় কোনো অনুমোদনও নেওয়া হয়নি। ১৪ জানুয়ারি ওই অবৈধ নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়। তাঁদের বেতন-ভাতা না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।মিল্ক ভিটা সূত্র জানায়, অবৈধ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হবে না জানতে পেরে এ মাসের শুরুতে সিবিএর কিছু নেতা অন্য শ্রমিক-কর্মচারীদেরও বেতন-ভাতা না দিতে কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। কয়েক দিন বেতন আটকে থাকায় সাধারণ শ্রমিক-কর্মচারীদের মধ্যে এ মাসে বেতন পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। গতকাল বিকেলে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী প্রতিষ্ঠানের বৈধ শ্রমিক-কর্মচারীদের বেতন বিল অনুমোদন করেন। এর পরই সিবিএ নেতাদের সহায়তায় উচ্ছৃঙ্খল কিছু শ্রমিক-কর্মচারী মিল্ক ভিটার সব প্রতিষ্ঠানে উত্তেজনা ছড়াতে থাকেন।জানা যায়, উচ্ছৃঙ্খল শ্রমিকেরা বিকেলে বাঘাবাড়ী প্ল্যান্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে (ইনচার্জ) বের করে দিয়ে উৎপাদন বন্ধ করে দেন। বিকেল পাঁচটার দিকে মিরপুরের কারখানার উপমহাব্যবস্থাপক খন্দকার আমিনুর রহমানকেও জোর করে তাঁর কক্ষ থেকে বের করে দেওয়া হয়। একপর্যায়ে তাঁরা কারখানার সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। রাত আটটা পর্যন্ত প্ল্যান্টের কার্যক্রম বন্ধ ছিল।মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্থাপনার নিরাপত্তায় রূপনগর থানার পুলিশকে জানানো হলে তারা কারখানায় গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে বৈঠক ডেকেছেন বলে জানান তিনি।অবৈধভাবে ৭৬ জন শ্রমিক-কর্মচারী নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছিল। ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ কয়েকজন সিবিএ নেতা এর সঙ্গে জড়িত বলে আলোচনা আছে। সমবায় মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে আর্থিক লেনদেনের অভিযোগটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।