অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার দুই সপ্তাহেই আবার স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের আট গ্রামের এক হাজার ২০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয় ১২ মে৷ দুই সপ্তাহের মধ্যেই গত শনিবার আবারও সংযোগ নিয়েছেন প্রভাবশালীরা৷
এ ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত রোববার কারও নাম উল্লেখ না করে শুধু একটি সাধারণ ডায়েরি (জিডি) করে গজারিয়া থানায়৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিডির বিষয়টি জানেন না দাবি করে কোনো ব্যবস্থাও নেননি৷
তিতাস গ্যাস কার্যালয় থেকে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা তিতাসের আঞ্চলিক কার্যালয় থেকে গজারিয়ার গ্যাস-সংযোগের বিষয়টি দেখভাল করা হয়৷ সরকার বৈধভাবে গ্যাস-সংযোগ বন্ধ রাখায় গজারিয়ায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অর্থের বিনিময়ে গ্রামের পর গ্রামে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া শুরু করেন৷ ওই সব সংযোগ বিচ্ছিন্ন করতে ১২ মে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান৷ ওই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন টেঙ্গারচর ইউনিয়নে তিতাসের মূল গ্যাস পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নেওয়া তিনটি লাইন বিচ্ছিন্ন করা হয়৷ এতে আট গ্রামের এক হাজার ২০০ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ গত শনিবার দুপুরে সেই মূল সংযোগের সঙ্গে আবারও তিনটি সংযোগ স্থাপন করে এক হাজার ২০০ ঘরে চালু করেন প্রভাবশালীরা৷
তিতাসের সোনারগাঁ অঞ্চলের ব্যবস্থাপক আবু জাফর সুলতান আহমেদ জানান, ‘অবৈধ সংযোগ পুনরায় স্থাপনের খবর পেয়ে আমরা শনিবার বিকেলে তদন্ত করতে লোক পাঠাই৷ সত্যতা পেয়ে রোববার একটি জিডি করি এবং বিষয়টি গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই৷’
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মাহবুব করিম বলেন, ‘অবৈধ গ্যাস-সংযোগ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ আবার অভিযান চালাতে বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি৷ আশা করছি, খুব শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷’
গজারিয়া থানার ওসি ফেরদৌস খান জানান, তিতাসের জিডির বিষয়টি তিনি জানেন না৷ খোঁজ নিয়ে দেখবেন৷