অবৈধ সংযোগে ৪০০ টাকায় যত খুশি বিদ্যুৎ!
যত খুশি বিদ্যুৎ ব্যবহার করার পূর্ণাঙ্গ প্যাকেজ মাসে ৪০০ টাকা। তবে দর-কষাকষি করে ১৫০ টাকা ও ২০০ টাকার প্যাকেজও নেওয়া যায়। অবৈধ বিদ্যুৎ সংযোগের এমন ব্যবস্থা রয়েছে পুরান ঢাকার শাঁখারীবাজার, কোতোয়ালি রোড ও পাটুয়াটুলীর কিছু এলাকায়।
এমন অবৈধ সংযোগের কারণে এসব এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) প্রকৃত বিল থেকে বঞ্চিত হচ্ছে। বিকল্প লাইনে বিদ্যুৎ বেশি ব্যবহৃত হয়, আর ডিপিডিসির বৈধ সংযোগের ব্যবহার হয় কম। এতে ডিপিডিসির বিল কম আসে।
গত মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ লাইনে বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থাটি এ রকম—বিদ্যুৎ মিটারের বাইরে আলাদা একটি লাইন দিয়ে বাড়িঘরে ও দোকানপাটে সংযোগ দেওয়া হয়। আলাদা সুইচও থাকে। বেশির ভাগ সময় বৈধ সংযোগ বন্ধ রেখে বিকল্প বা অবৈধ লাইনে বাতি ও পাখা চালু থাকে। তবে মূল লাইনে লোডশেডিং বা বিদ্যুৎবিভ্রাট হলে অনেকে বিকল্প লাইনটিও বন্ধ করে দেয়। যাতে চোরা লাইনের বিষয়টি ধরা না পড়ে।
শাঁখারীবাজারে কয়েকজন বাসিন্দা বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের এই কাজটি ডিপিডিসির লোকদেরই সহায়তায় করা হচ্ছে। কারণ, তাঁদের সাহায্য ছাড়া এই ‘বিপজ্জনক’ কাজ করা যাবে না।
প্রায় তিন মাস আগে বাংলাবাজারে ডিপিডিসির বাণিজ্যিক ও পরিচালন বিভাগের মিটার রিডার মো. রহমতউল্লাহ অবৈধ বিদ্যুৎ ব্যবহারের ঘটনায় শাঁখারীবাজারের একজন বাসিন্দাকে সতর্ক করে দেন। গতকাল বুধবার প্রথম আলোকে এই মিটার রিডার বলেন, ‘এগুলো আসলে কে বা কারা করে, ধরতে পারছি না। বিভিন্ন লাইন থেকে বাইপাস করে অবৈধ সংযোগ নেওয়া হয়। যদিও কয়েকটি এলাকায় কিছু জেনারেটর রয়েছে, দু-একটির রসিদও দেওয়া হয়েছে। কিন্তু সেসব রসিদ সম্ভবত ভুয়া। লোকবলের অভাবে চোর ধরা যাচ্ছে না।’
পানিটোলা, ঝুলনবাড়িসহ শাঁখারীবাজারের অন্তত ১০টি দোকানে এমন অবৈধ সংযোগের চিত্র পাওয়া গেছে। তবে ব্যবহাকারীরা তা অস্বীকার করেন।
বিকল্প বিদ্যুতের সুযোগ নেননি—এমন কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, কম টাকায় বিদ্যুৎ ব্যবহারের প্রলোভন পেলেও তাঁরা ওই লাইন নেননি। অবৈধ লাইন থেকে বিদ্যুৎ আনার ক্ষেত্রে মাঝে মাঝে আগুন লাগার ঘটনাও ঘটে। মাস তিনেক আগে শাঁখারীবাজারের ৭২ ও ৭৬ নম্বর হোল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় সাময়িকভাবে অবৈধ লাইন বন্ধ রাখা হয়।
জানতে চাইলে বাংলাবাজারে ডিপিডিসির বাণিজ্যিক ও পরিচালন বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার তালুকদার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
যাঁরা অবৈধ লাইন থেকে বিদ্যুৎ নেননি, তাঁদের ওপর বাড়তি বিল চাপানোর অভিযোগও করেছেন কয়েকজন বাসিন্দা। নাম প্রকাশ না করার শর্তে পানিটোলার একজন বাসিন্দা বলেন, গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তাঁর বাসায় বিদ্যুৎ বিল আসে গড়ে ৮০০ টাকা করে। বর্তমানে বিল আসছে গড়ে ১ হাজার ২০০ টাকা।
কৈলাশ ঘোষ লেন, রমাকান্ত নন্দী লেনের কয়েকজন বাসিন্দাও গত মাসগুলোতে বাড়তি বিল আসার একই অভিযোগ করেন।
এ বিষয়ে ডিপিডিসির সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাবাজার, বংশালসহ পুরান ঢাকার কিছু অংশে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান হয়েছে। শাঁখারীবাজার ও আশপাশের এলাকায়ও হবে। তিনি বলেন, বিদ্যুৎ লাইন থেকে বাইপাস করা ছাড়াও মিটারে বিল কমিয়ে আনার নানা অবৈধ পদ্ধতি অবলম্বনের অভিযোগ আছে। সেগুলোও দেখা হবে।