অবৈধ সংযোগ ও বিল বকেয়ার দায়ে সাত মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ বিদ্যুৎ-সংযোগ ও চার লাখেরও বেশি টাকা বকেয়া থাকায় চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর এলাকায় সাত গ্রাহকের বিরুদ্ধে মামলা এবং ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁদের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দীন এই অভিযান চালান।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান জানান, দক্ষিণ হালিশহর, পতেঙ্গা ও বন্দরটিলায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ লাখ ১৫ হাজার ৮৩৩ টাকা বকেয়া থাকায় তিন গ্রাহকের বিরুদ্ধে মামলা ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আর অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহারের দায়ে আরও চার গ্রাহকের বিরুদ্ধে মামলা, সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি মোট ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।