অবৈধ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে সেচপাম্প চালানোর জন্য পল্লী বিদ্যুতের সরবরাহ লাইন থেকে অবৈধ সংযোগ নিতে গিয়ে গত শনিবার বুলবুল আহমেদ (২৭) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বুলবুলের পরিবারের চারজন আহত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আমন খেতে সেচ দেওয়ার জন্য শনিবার সন্ধ্যায় পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের একটি খুঁটি থেকে সংযোগ নিতে যান চৌধুরীপাড়া গ্রামের কৃষি শ্রমিক বুলবুল।
এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে বুলবুলের মৃত্যু হয়। তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে আহত হন বুলবুলের ছোট বোন রোখসানা আক্তার (১৫), বড় ভাই জয়নাল (৩২), তাঁদের বাবা আছিমদ্দীন (৬৮), চাচা আনিস গফুর (৬৫)।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ওয়াজিবুল্লাহ বিপ্লব বলেন, শনিবার রাত আটটার দিকে মৃত অবস্থায় বুলবুলকে হাসপাতালে আনেন তাঁর স্বজনেরা। এ ছাড়া আহত রোখসানা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, বুলবুলের বাড়ির পাশে একটি আমন খেতের ওপর পল্লী বিদুতের ওই খুঁটিটির অবস্থান। সেখান থেকে প্রায় তিন শ মিটার দূরে গ্রামের মজনু চৌধুরীর সেচ পাম্পের ঘরের অবস্থান। মূল সংযোগ থেকে সেচযন্ত্রের কাছে অবস্থিত আরেকটি খুঁটিতে বিদ্যুতের তার থাকলেও বোরো সেচ মৌসুম শেষ হওয়ার পর থেকে সেটিতে বিদ্যুৎ-সংযোগ নেই।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ‘বুলবুলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ ব্যাপারে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোকছেমুল হাকিম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে উচ্চ ভোল্টের তার থেকে সংযোগ নেওয়ার চেষ্টা করতে গিয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছে।’