অবৈধ সংযোগে বিপজ্জনক গ্যাস বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস
গ্যাস

যেনতেনভাবে নিম্নমানের পাইপ বসিয়ে গ্যাসের অবৈধ সংযোগ নেওয়ার ঘটনা পুরোনো। লাইনে অননুমোদিত কমপ্রেসর ও বিশেষ ধরনের রেগুলেটর বসিয়ে বেশি চাপে গ্যাস নেওয়ার ঘটনাও আগে ধরা পড়েছে। এবার নতুন করে ধরা পড়েছে সঞ্চালন লাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভাবনীয় ঘটনা।
ঢাকার আশুলিয়ার তারাগ্রামে অতি উচ্চচাপের ২০ ইঞ্চি সঞ্চালন লাইন ড্রিলিংয়ের মাধ্যমে ছিদ্র করে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। গ্যাস সঞ্চালন কোম্পানি (জিটিসিএল) বলছে, ছিদ্র করে ভাল্ভ লাগানোর স্থানটি দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। এ জন্য ওই লাইনে গ্যাসের চাপ কমিয়ে রাখা হয়েছে। এর ফলে রাজধানীর একাংশসহ তিতাসের আওতাধীন বিতরণ এলাকার অনেক গ্রাহক সঠিক চাপে গ্যাস পাচ্ছেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাইনটি দিয়ে ৬০০ থেকে এক হাজার পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চি) চাপে গ্যাস সঞ্চালিত হয়। ছিদ্র করা স্থান থেকে গ্যাস বের হয়ে বিস্ফোরণ হলে নতুন লাইনে সংযুক্ত গ্রাহকদের বাড়িঘর উড়ে যাওয়াসহ বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে।
জিটিসিএল চিঠি দিয়ে বিতরণ কোম্পানি তিতাসকে জানিয়েছে, তারাগ্রামে সঞ্চালন লাইনটি মেরামতের জন্য ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম জানিয়েছেন, সরবরাহ বন্ধ করে লাইন মেরামতের সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। তিনি বলেন, গ্রাহকপ্রান্তে গ্যাসের চাপ কম থাকার আরও কারণ হচ্ছে শীত এবং অনেক দিনের হরতাল-অবরোধের পর চাহিদা বৃদ্ধি।
তিতাস সূত্র জানায়, তিতাসের এলাকায় ২০০ কিলোমিটার অবৈধ ও নিম্নমানের বিতরণ লাইন চিহ্নিত করা হয়েছে। এসব লাইনের কারণে গ্যাসের বিতরণব্যবস্থা ভয়ানক বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে তিতাসের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও বলা হচ্ছে। তার পরও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। বরং কোনো কোনো এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা তিতাসের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন অবৈধ লাইন নির্মাণে বাধা দেওয়ার কারণে।
পেট্রোবাংলা ও তিতাসের সূত্রগুলো জানায়, গ্যাসের সংযোগ বন্ধ থাকার সময় অবৈধ সংযোগ নেওয়া হতো। সংযোগ চালু করার পর শুরু হয়েছে অবৈধ লাইন বসানোর বেপরোয়া কর্মকাণ্ড। সংযোগ চালু করার সরকারি ঘোষণায় বিতরণ লাইন সম্প্রসারণে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা অমান্য করে এসব লাইন বসানো হচ্ছে। অদূর ভবিষ্যতে এসব লাইনে গ্যাস বিতরণ বন্ধ করে লাইন তুলে ফেলা হবে।
তিতাসের আওতাধীন নরসিংদী, রূপগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ, সাভার, মানিকগঞ্জ, এমনকি ঢাকা মহানগরেও অবৈধ লাইন বসানোর ঘটনা ঘটছে। এর সঙ্গে তিতাসের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী জড়িত। সাভারের ঢাকা ইপিজেডে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দুটি লাইনেরই বিভিন্ন স্থানে অবৈধভাবে ছিদ্র করে শাখা লাইন করে অন্যত্র গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে ইপিজেডের শিল্পকারখানাগুলো সঠিক চাপে গ্যাস পাচ্ছে না। এ জন্য ২৫ কোটি টাকা ব্যয়ে আরেকটি লাইন করতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক শিল্প ও বাণিজ্যিক গ্রাহক ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে লাইনে কমপ্রেসর (গ্যাসের চাপ বাড়ানোর যন্ত্র) বসিয়ে গ্যাসের চাপ বাড়িয়ে নিচ্ছেন। কিছুদিন আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্পিনিং মিলের ছাদ থেকে এ রকম একটি কমপ্রেসর আটক করা হয়। কোনো কোনো শিল্প ও বাণিজ্যিক গ্রাহক তাঁদের লাইনে ‘লো ডিফারেন্সিয়াল রেগুলেটর’ নামে বিশেষ ধরনের রেগুলেটর বসিয়ে নিজের প্রতিষ্ঠানে সঠিক চাপে গ্যাস নিচ্ছেন। এর ফলে আশপাশের গ্রাহকের লাইনে চাপ কমে যায়।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, আজকাল কোনো কোনো গ্রাহক এমন রেগুলেটর স্থাপনের অনুমোদন চাইছেন। কিন্তু এটা দেওয়া সম্ভব নয়। কারণ, তাতে কোনো না কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন।