দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, বেশ কয়েকজন রাজনীতিবিদের নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণীতে অসংগতির বিষয়ে দুদক অনুসন্ধান করছে এবং তা অব্যাহত থাকবে।
গত মঙ্গলবার জেলা প্রশাসন মিলনায়তনে এক মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। চট্টগ্রামের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, দুদকের লোকবল কম। এর মধ্যে অতীতে একসঙ্গে বেশ কটি অনুসন্ধান শুরুর কারণে দুদক অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাই এখন থেকে বাছাই করে অনুসন্ধানকাজ শুরু করা হবে; যাতে সুনির্দিষ্ট মামলা দিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায়।
বদিউজ্জামান আরও বলেন, আইন সংশোধন করে প্রতারণা, জমিসংক্রান্ত বেশ কিছু ধারা দুদক আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে সব ধরনের লোকজন দুদকে আসছেন। অবিলম্বে এটি আবার সংশোধন করা দরকার। যেসব প্রতারণার সঙ্গে সরকারের স্বার্থ জড়িত, কেবল সেগুলো দুদক আইনে অন্তর্ভুক্ত করা উচিত। গত কয়েক বছরে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এসবের সঙ্গে জড়িত। হল-মার্ক যা করেছে, তাকে এককথায় ডাকাতি বলে। ডেসটিনির বিরুদ্ধে শিগগিরই বিচারকাজ শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি। জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী, দুদকের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়াসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গতকাল দুদক চেয়ারম্যান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের প্রত্যেককে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। বর্তমান সময়ে সমাজের পরিবর্তন আনা খুব জরুরি।’