অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডা. ইকবাল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ-১-এর বিচারক এ এফ এম আমিনুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অবৈধভাবে সম্পদ অর্জনের এ মামলায় ২০০৮ সালে আদালত ইকবালকে ১৩ বছর এবং তাঁর স্ত্রী, দুই ছেলে ও মেয়েকে তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত করে তা সরকারের কোষাগারে জমা করারও আদেশ দিয়েছিলেন আদালত। গতকাল বিকেলে এইচ বি এম ইকবাল আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করেন।২০০৭ সালের ১২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন-দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ইকবাল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাটি করে। পরের বছর দুদক তদন্ত করে ডা. ইকবাল ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে ইকবালের বিরুদ্ধে ১০ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৬৮২ টাকার সম্পত্তির তথ্য গোপন ও দুই কোটি ২৯ লাখ ৫২ হাজার ৭১৯ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়। একই সঙ্গে তিনি ঘোষিত আয়ের বাইরে দুই কোটি ২৯ লাখ ৫২ হাজার ৭১৯ টাকার মালিক হন। এ কাজে ডা. ইকবালকে সহযোগিতা করেন তাঁর স্ত্রী মমতাজ বেগম। এতে আরও বলা হয়, ডা. ইকবালের দুই ছেলের বিরুদ্ধে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং মেয়ে নওরিন এক কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৭৫১ টাকার সম্পদ অবৈধভাবে নিজ দখলে রাখেন। ২০০৮ সালের ১১ মার্চ বিশেষ জজ আদালত ডা. ইকবাল ও তাঁর স্ত্রী মমতাজ, দুই ছেলে মইন ও ইমরান এবং মেয়ে নওরীনকে পলাতক দেখিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।