অবৈধ সরকারের নির্দেশ মানতে জনগণ বাধ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, অবৈধ সরকারের নির্দেশ মানতে জনগণ বাধ্য নয়। কারও হুকুমে হরতালের কর্মসূচি স্থগিত করা হবে না। ভালোয় ভালোয় দাবি না মানলে সংলাপ নয়, রাজপথেই সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
গতকাল সোমবার হরতালের প্রথম দিনে বিক্ষোভ মিছিলের আগে বকুলতলা চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
জেলা জাগপার আহ্বায়ক আনছার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুব জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দীনসহ স্থানীয় নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শফিউল আলম প্রধান বলেন, গুম, খুন, ফাঁসি কিংবা নিবন্ধন বাতিল করে গণ-আন্দোলনের জোয়ার রোখা যাবে না। ১৮-দলীয় জোট জনগণের ভোট, ভাত, ধর্ম ও স্বাধীনতা রক্ষার লড়াই করছে।
তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সব বন্দীর মুক্তি দাবি করে বলেন, আরেকটি সংগ্রামের জন্য দেশবাসী, ছাত্র ও যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, পঞ্চগড়ের ময়নাগুড়ি সীমান্তের ২০ একর জমি ভারত দখল করে নিয়েছে। বাংলাদেশি কৃষকের পাঁচ একর জমির ধান কেটে নিয়েছে। সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। বিজিবি প্রতিবাদ করলেও ওপরের চাপে তারা কিছুই করতে পারছে না। তিনি আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ সব বন্ধ মিডিয়া চালু ও ফরহাদ মজহারকে হয়রানি বন্ধের দাবি জানান।