বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেছে স্থানীয় ছাত্রলীগ। এ দাবিতে গতকাল রোববার তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। ক্যাম্পাসে অবৈধ সুবিধা না পাওয়ায়ছাত্রলীগ এ আন্দোলন শুরু করে বলে অভিযোগ উঠেছে। ক্যাম্পাস সূত্র ও শিক্ষার্থীরা জানান, গতকাল ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকের নেতৃত্বে অধ্যক্ষের অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ তাঁদের জোর করে আন্দোলনে নামতে বাধ্য করছে। অনেকের কাছ থেকে জোর করে অধ্যক্ষের অপসারণ দাবিতে গণস্বাক্ষর দিতে বাধ্য করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সাধারণ শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, অবৈধ সুবিধা না পেয়ে ছাত্রলীগ অধ্যক্ষের অপসারণ দাবি করছে। এ ব্যাপারে ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ভাঙচুরের ঘটনাকে ভিন্ন দিকে নিতে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের জোর করে আন্দোলনে নামাচ্ছে। ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করার কারণে আমরা তাঁর অপসারণ দাবি করছি।’ সাধারণ শিক্ষার্থীদের জোর করে স্বাক্ষর আদায় ও আন্দোলনে নামানোর বিষয়টি তিনি অস্বীকার করেন।