অবৈধ স্ট্যান্ড নিয়ে উত্তেজনা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা সদরের হাসপাতাল মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড করা হয়েছে। এ নিয়ে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় লোকজন জানান, জেলা শহর থেকে টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় হোসেনপুরে যাতায়াত করতে হয়। ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর জন্য উপজেলার যত্রতত্র অবৈধ স্ট্যান্ড গড়া হয়েছে। অটোরিকশার পাশাপাশি নছিমন ও টমটমের মতো অবৈধ যানবাহনও এসব স্ট্যান্ড ব্যবহার করছে।নাম প্রকাশে অনিচ্ছুক হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সদস্য জানান, গত ২৯ এপ্রিল কমিটির সভায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে পৌর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা কিছুই করেনি। ২৮ মে পুনরায় সভায় বিষয়টি উত্থাপন করা হয়। এ সময় আগে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।তবে হোসেনপুর পৌরসভার মেয়র মাহবুবুর রহমান দাবি করেন, সপ্তাহ খানেক আগে এখানকার অটোরিকশার স্ট্যান্ড পুরোনো বাসস্ট্যান্ডে সরিয়ে নেওয়া হয়েছে।মেয়রের বক্তব্যকে অসত্য আখ্যায়িত করে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি ফজলুল হক বলেন, ‘এখনো ওইসব স্ট্যান্ড ব্যবহার করছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। অথচ স্ট্যান্ডের জন্য আমাদের মাসে ১২ হাজার করে টাকা গুনতে হয়। এতে একদিকে আমরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছে।’হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু মোল্লা জানান, ইউএনও, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনীতিবিদেরা মিলে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য একটি স্ট্যান্ড নির্ধারণ করে দিলে পুলিশের পক্ষে সমস্যাটি সমাধান করা সহজ হয়।