অবৈধ স্ট্যান্ড, যানজটে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা, লেগুনা ও টেম্পোর স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কের দুই পাশে ছোট যানবাহন রাখা হচ্ছে। এতে এসব স্থানে যানজটে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
গতকাল শনিবার বেলা একটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মহাসড়কের উত্তর পাশে সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ও টেম্পো এবং দক্ষিণ পাশে লেগুনার অবৈধ স্ট্যান্ড দেখা যায়। এ সময় সড়কের উভয় পাশে দূরপাল্লারসহ বিভিন্ন যাত্রীবাহী বাসকে ১০ থেকে ১৫ মিনিট করে যানজটে আটকে থাকতে হয়। এ ছাড়া ইসলামী হাসপাতালের সামনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কের দুই পাশেও অটোরিকশা ও ইজিবাইক সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এখানে যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পথচারীদের।
পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে ৭০টির বেশি অটোরিকশা সাটুরিয়ার দরগ্রাম ও তিল্লী এলাকায় চলাচল করে। টেম্পোগুলো সদর উপজেলার সীমান্তবর্তী ঘিওর উপজেলার বিলনালাই পর্যন্ত যাত্রী বহন করে। আর ৪০টির মতো লেগুনা ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী পর্যন্ত চলাচল করে। এ ছাড়া ইসলামী ব্যাংকের সামনে থেকে অটোরিকশা ও ইজিবাইক সাটুরিয়া উপজেলা সদর ও জেলা সদরের বাংলাদেশ হাট সড়কে চলাচল করে।
মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের সুপারভাইজার সজল হোসেন বলেন, ‘গাড়ি রাখার লেইগ্যা আমাগো স্ট্যান্ডের দরকার। কিন্তু অন্য কোনোখানে জায়গা নাই দেইখ্যা এইখানে গাড়ি রাখা হয়। এতে কিছুডা যানজট হয়।’ একই ধরনের কথা বললেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়ক ব্যবহারকারী অটোরিকশা ও ইজিবাইকের কয়েকজন চালক। অটোরিকশার চালক ইদ্রিস আলী ও ইজিবাইকের চালক হাসু মিয়া জানান, স্ট্যান্ড না থাকায় এ সড়কের দুই পাশে গাড়ি রাখা হয়। অন্যত্র গাড়ি রাখার কোনো জায়গা নেই। বিষয়টি পৌরসভার মেয়রসহ শ্রমিকনেতাদের জানানো হয়েছে।
মানিকগঞ্জ পৌর এলাকার ভুলজয়রা এলাকার মাসুদ রানা বলেন, বাংলাদেশ হাট সড়কটি সরু। তার ওপর রাস্তার দুই পাশে সিএনজি ও ইজিবাইক রাখায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, স্ট্যান্ড না থাকায় মহাসড়ক ও বাংলাদেশ হাট সড়কের ওপর গাড়িগুলো রাখা হচ্ছে। এতে যানজট নিরসনে ট্রাফিকের সদস্যরা দিনভর কাজ করছেন। তবে এসব সামাল দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা বলেন, সদর উপজেলা পরিষদের পূর্ব দিকে মহাসড়কের পাশে সওজের জায়গায় পরিত্যক্ত ডোবা আছে। যানজট নিরসনে ওই ডোবা ইজারা ভরাট করে স্ট্যান্ড নির্মাণের জন্য সওজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আবার সওজের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
জেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী (সড়ক) মো. গাউস-উল আজম বলেন, ‘যানজটের বিষয়টি আমরা জেনেছি। ওই ডোবা ইজারা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’