প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন যৌথ উদ্যোগে বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর চকবাজার থানার সোয়ারীঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এ সময় সোয়ারীঘাট, কামালবাগ, ইসলামবাগ ও লালবাগ থানার কিল্লারমোড় লবণ কারখানা এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশ জুড়ে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ১৩০টি ছোট-বড় টংঘর ও প্লাস্টিকের গুদামঘর, ১৩টি আধা পাকা স্থাপনা এবং একটি লবণের কারখানার টিনশেডের গুদাম ও ছাপরা ঘরের কিছু অংশ উচ্ছেদ করা হয়। ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের নির্দেশে বুড়িগঙ্গার তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। নদীর জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না।