
কক্সবাজার সমুদ্রসৈকতের সমিতিপাড়া এলাকার বালিয়াড়ি দখল করে তৈরি করা অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত অভিযান চালিয়ে সাতটি বসতঘর উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েশ ও শাহরীন ফেরদৌসী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় তাঁরা অবৈধভাবে গড়ে তোলা অন্যান্য ঘরবাড়িও দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
সূত্র জানায়, সকালে ভ্রাম্যমাণ আদালত সমিতিপাড়া সৈকতের তিনটি ঘরবাড়ি উচ্ছেদ করেন। এরপর নাজিরারটেক ও মোস্তাকপাড়া থেকে আরও চারটি বাড়ি উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েশ বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এ সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে ঘরবাড়ি নির্মাণের অধিকার কারও নেই। তাই জেলা প্রশাসকের নির্দেশে এসব অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পর্যায়ক্রমে সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
২৪ অক্টোবর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘বালিয়াড়িতে ‘প্লট-বাণিজ্য’! শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।