চট্টগ্রামের কাতালগঞ্জে অবস্থিত সিটি করপোরেশনের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে সিটি করপোরেশনের নির্বাহী হাকিম কাজী মো. আবদুর রহমানের নেতৃত্বে আদালত এসব স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় বুলডোজার দিয়ে সেখানে নির্মিত সব পাকা ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের পর প্রায় আট কাঠা জায়গা উদ্ধার করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়। ২০১০-১১ অর্থবছরে ফুলের বাগান করার জন্য এক বছরের মেয়াদে মুক্তাদির আল ফারুক নামের এক ব্যক্তি ওই জায়গা চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে ইজারা নেন। তার আগে শিবির ক্যাডার হিসেবে পরিচিত এরশাদ উল্লাহ জায়গাটির একাংশ দখল করে গ্যারেজ তৈরি করে ভাড়া দেন। এক বছরের মেয়াদ শেষে মুক্তাদির আল ফারুক ওই জায়গার দখল না ছেড়ে উল্টো সিটি করপোরেশনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলাটি বিচারাধীন রয়েছে। পাশাপাশি তিনি ওই জায়গায় স্থায়ী স্থাপনা নির্মাণ করে লোহার গ্রিলের দোকানের জন্য ভাড়া দেন। ১৮ মার্চ সিটি করপোরেশনের লোকজন ওই সব স্থাপনা ভেঙে দিতে চাইলে মুক্তাদির আল ফারুক ও শিবির ক্যাডার এরশাদ উল্লাহর সহযোগীরা তাঁদের বাধা দেন। এ ব্যাপারে প্রথম আলোতে ‘ফুলবাগানের ইজারা নিয়ে গ্রিলের দোকান!’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয় ১৯ মার্চ। নির্বাহী হাকিম কাজী মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযানের সময় পুলিশ-র্যাব ছাড়াও সিটি করপোরেশনের ভূমি কর্মকর্তা আহমদুল হক ও অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন। অভিযানে সিটি করপোরেশনের প্রায় ছয় কোটি টাকার ভূমি উদ্ধার হয়েছে বলে জানান তিনি। সিটি করপোরেশনের ভূমি কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ভূমিতে এখনই কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণের পরিকল্পনা সিটি করপোরেশনের নেই।