অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের পার্ক এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার বেল ১১টায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে অবৈধ দখলে থাকা রাঙামাটি পার্কের দুই কোটি টাকার বেশি সম্পদ উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে তিনজন হাকিম এবং পুলিশ ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এই উচ্ছেদ অভিযানে অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে কাপ্তাই হ্রদের তীরে পার্কটি গড়ে তোলা হয়। কিন্তু ১৯৯৪ সালে পৌরসভা কর্তৃপক্ষ পার্কের প্রবেশপথের সামনে একটি কমিউনিটি সেন্টার নির্মাণকাজ হাতে নিলে শহরের মানুষ তীব্র প্রতিবাদ জানায়। পরে স্থানীয় পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজের সহযোগিতায় পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পার্কটি রক্ষায় উচ্চ আদালতে মামলা দায়ের করে। ওই অবস্থায় পৌরসভা কর্তৃপক্ষ কমিউনিটি সেন্টার নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয়।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, পার্কটি অযত্ন-অবহেলায় পড়ে থাকায় প্রায় পাঁচ বছর ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি পার্কের কাপ্তাই হ্রদসংলগ্ন জায়গায় অবৈধভাবে বাড়িঘর নির্মাণ করে ভাড়া দেওয়া শুরু করে। একই সঙ্গে পার্কের ভেতরে বখাটেদের আড্ডা এবং অসামাজিক কার্যকলাপ চলতে থাকে। এ অবস্থায় স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনের নজরে আনলে জেলা প্রশাসন পার্কের অবৈধ দখল উচ্ছেদের সিদ্ধান্ত নেয়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে এনডিসি কে এম ওবায়দুর রহমান বলেন, শহরের শিশুসহ সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত করতে পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পার্কটির মালিক রাঙামাটি জেলা প্রশাসন বলে উল্লেখ করে এনডিসি বলেন, বেদখলে বিপন্ন পার্কটিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পরিপূর্ণ শিশুপার্ক হিসেবে গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে।