অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধনের জন্য দুই লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নরসিংদী পৌর প্রশাসন। ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ থেকে শহরের ব্রাহ্মন্দী শিক্ষা চত্বর পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ সড়ক দুই লেনের করা হবে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সড়কের দুই পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র কামরুজ্জামান।নরসিংদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, দুই লেনের সড়ক নির্মাণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার ইসলাম প্লাজা, এইচএম প্লাজা, ভূঁইয়া শপিং মল; বাজির মোড় এলাকার মোল্লা টাওয়ার, আয়েশা প্লাজা, স্কাই ভিউ, শরীফ স্টোরের মালিকদের সড়কের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা উচ্ছেদের জন্য বৃহস্পতিবার (আজ) থেকে পৌরসভা অভিযান পরিচালনা করবে।মেয়র কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বড় ভাই প্রয়াত মেয়র লোকমান হোসেন নাগরিক-সুবিধা বৃদ্ধি করে নরসিংদীকে আধুনিক শহরে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে গেছেন। আমি ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। এরই অংশ হিসেবে শহরে দুই লেনের সড়ক নির্মাণের কাজ শুরু করা হচ্ছে। দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরই সড়ক নির্মাণের কাজ শুরু হবে। সড়কটির কাজ শেষ হলে শুধু যানজট দূর হবে না, শহরের সৌন্দর্যবর্ধনও হবে।’