অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ট্রাফিক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ের তিব্বতের পাশের একটি রাস্তায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ট্রাফিক পুলিশ। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে সড়কটি দখলমুক্ত করা হয়। ওই সড়ক দিয়ে এখন যানবাহন চলাচল করছে।
অভিযান পরিচালনাকারী তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু ইউছুফ প্রথম আলোকে বলেন, তিব্বতের উত্তর-পূর্ব দিকের সাউদার্ন অটোমোবাইল, রাস্তায় রিকশা মেরামত, রিকশার গ্যারেজ, চা-দোকান, ভাসমান খাবারের দোকান ও বাস রেখে রাস্তাটি দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। গতকাল সকাল থেকে বিপুলসংখ্যক ট্রাফিক পুলিশ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে অংশ নেয়। স্থাপনা উচ্ছেদের পর ৫০০ গজের মতো রাস্তাটি দখলমুক্ত করা হয়।
আবু ইউছুফ বলেন, রাস্তাটি দখলমুক্ত হওয়ায় যেকোনো ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে ট্রাফিক সিগন্যালে না গিয়েই মহাখালী বাস টার্মিনাল থেকে সাতরাস্তার মগবাজার উড়ালসড়কে যেতে পারবে।