অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ, এবার সীমানা নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জেল খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে। খালের নথুল্লাবাদ অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কিছুটা পথও তৈরি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে একটায় নথুল্লাবাদ এলাকায় খালের সীমানা নির্ধারণ পিলার ও ফলক স্থাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জানানো হয়, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অব্যাহতভাবে জেল খালের দুই পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। এর পরিপ্রেক্ষিতে জেল খালের প্রায় ছয় কিলোমিটার এলাকা মুক্ত করা সম্ভব হয়েছে। এ সময় নগরের বাসিন্দা ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত থেকে এই কার্যক্রমের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। নাগরিকেরা খালের দুই পাড়ের অবৈধ স্থাপনার সঙ্গে খালের ওপর নির্মাণ করা সিটি করপোরেশনের বক্স কালভার্ট এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানির পাইপ অপসারণের দাবি জানান।
ফলক ও পিলার স্থাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, জনগণের সম্পত্তি খাল জেলা প্রশাসন জনগণের ব্যবহারে উন্মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। বরিশালের জেল খাল অনেকটা দখলমুক্ত করা হয়েছে। দখলমুক্ত করার পর এখন এর সীমানা নির্ধারণ কাজ শুরু হয়েছে। এরপরই খালের দুই পাড়ে হাঁটার পথ তৈরি করা হবে। এই কাজে নগরবাসী সর্বাত্মক সহযোগিতা দেওয়ায় কাজটা সহজ হয়েছে।
উচ্ছেদের পর আবার স্থাপনা নির্মাণ করা হচ্ছে—এমন অভিযোগের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ রয়েছে, সরকারি খালে যতবার স্থাপনা নির্মাণ করবে আমরা ততবার ভেঙে দেব। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
বরিশাল নদী খাল রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, জেলা প্রশাসন একটি জনবান্ধব কাজ শুরু করেছে। কিন্তু একদল দখলদার উচ্ছেদ হওয়া খালের পাড়ে আবারও স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ না করলে প্রশাসন একা কিছু করতে পারবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সভাপতি রাবেয়া খাতুন, নদী খাল রক্ষা আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ মো. হানিফ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব মহিউদ্দিন মানিক বীর প্রতীক, এম জি কবির ভুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান হাবিব প্রমুখ।