অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ গতকাল শনিবার বগুড়ায় ঢাকা-রংপুর সড়ক-মহাসড়কের দুপাশে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে।
মহাসড়কের বগুড়ার বি ব্লক থেকে বনানী এবং বনানী পর্যটন মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কে সওজ ইতিমধ্যে অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে।
সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের বি ব্লক থেকে শহরের সাতমাথা পর্যন্ত রাস্তার দুপাশে চার শতাধিক অবৈধ স্থাপনা অনেক আগেই চিহ্নিত করা হয়েছে। সড়ক-মহাসড়কের পাশ থেকে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অনেক আগেই দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে তিন দিন ধরে মাইকিং করা হচ্ছে। তাতেও কেউ সাড়া না দেওয়ায় গতকাল শনিবার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গতকাল শনিবার মহাসড়কের বনানী বাজার থেকে মাঝিড়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ রোববারও অভিযান চলবে।
সওজের একাধিক সূত্র জানায়, মহাসড়কের বি ব্লক থেকে বগুড়া শহরের সাতমাথা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা অনেক আগেই চিহ্নিত করা হয়েছিল। কিন্তু অবৈধ দখলদারেরা প্রভাবশালী হওয়ায় এত দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারেনি সওজ। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর বগুড়া সেনানিবাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। অনুষ্ঠান শেষে সেনানিবাস থেকে সড়কপথে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভাস্থলে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর গাড়িবহর নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে মহাসড়ক ও শহরের রাস্তার দুপাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।
গতকাল বনানী বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের উপস্থিতিতে শ্রমিকেরা রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছেন। এসব অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে স্থায়ী-অস্থায়ী দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক হোটেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। বেলা আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় দুজন দোকানদার বলেন, উচ্ছেদ অভিযানের ব্যাপারে সওজ আগে থেকে কোনো প্রকার নোটিশ দেয়নি। বিনা নোটিশে এভাবে দোকানপাট গুঁড়িয়ে দেওয়া অমানবিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, ‘শনিবার প্রথম দিনে মহাসড়কের মাঝিড়া বন্দর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অবৈধ দখলদারদের কাছ থেকে প্রায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। যেসব অবৈধ স্থাপনা অবশিষ্ট রয়েছে, তা পরে উচ্ছেদ করা হবে।’