কুষ্টিয়া শহরের প্রধান সড়কসহ বিভিন্ন গলি এবং পানিনিষ্কাশনের নালা দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে পৌরসভা। গত সোমবার থেকে এ অভিযান শুরু হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে কয়েক শ অবৈধ টিনের ছাউনি ও স্থায়ী পাকা স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
পৌরসভা সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে শহরের বিভিন্ন সড়কের দুই পাশে বিপণিবিতান ও পানিনিষ্কাশনের নালার ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়। ফলে শহরে নিত্য যানজট লেগে থাকছে। দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে এলেও নানা জটিলতার কারণে জোরালো পদক্ষেপ নিতে পারেনি। সর্বশেষ এ মাসের শুরুর দিকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। এরই ধারাবাহিকতায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের নিয়ে পৌরসভার কর্মীরা উচ্ছেদ অভিযানে অংশ নেন। এতে নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ।
সরেজমিনে গত বুধবার শহরের মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার, থানা মোড়, পাবলিক লাইব্রেরি ও ইসলামিয়া কলেজের সামনে, একতারা মোড়, সিঙ্গার মোড়, বড় বাজার রেলগেট এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দেখা যায়। গতকাল বৃহস্পতিবার এন এস রোডে পাঁচ রাস্তা মোড় থেকে ছয় রাস্তার মোড়, কুষ্টিয়া পৌর বাজারে উচ্ছেদ অভিযান চলে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সামনের অবৈধ স্থাপনা দুমড়েমুচড়ে ফেলা হয়।
পৌরবাজারে অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন সবজি বিক্রেতা বলেন, দোকানের সামনে টিনের ছাউনি না থাকলে ক্রেতাদের দাঁড়িয়ে কেনাকাটা করতে সমস্যা হয়। এখন তেমন ক্রেতা পাওয়া যাবে না।
পৌরসভার সার্ভেয়ার আবদুল মান্নান বলেন, পৌরসভার উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে শহরে মাইকিং করা হয়েছে। তারপরও কেউ সরাননি। তাই বাধ্য হয়ে অভিযান চালাতে হচ্ছে। শহরের প্রতিটি ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হবে।