অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় থেকে কলেজ স্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গতকাল বুধবার শুরু করেছে পৌরসভা। গুরুত্বপূর্ণ ওই সড়কের যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণের উদ্দেশে ওই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নীলফামারী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে পুলিশ ও পৌরসভার কর্মচারীরা ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, কাউন্সিলর গোলাম কিবরিয়া, আবদুল জলিল, বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই সড়কের পাশে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল থাকায় প্রায় সময় রোগী নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের। স্কুল-কলেজের সময় যানজটের মাত্রা আরও বৃদ্ধি পায়।
পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ বলেন, গুরুত্বপূর্ণ ওই সড়কটি ২৮ ফুট প্রশস্তকরণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র গ্রহণ করে কাজ শুরু করা হয়েছে। কিন্তু সড়কের অনেক জায়গা বেদখল রয়েছে। ওই জায়গা ছেড়ে দিতে তাঁদের নোটিশ করা হয়েছে। যাঁরা এখনো জায়গা ছেড়ে দেননি গতকাল থেকে তাঁদের ওই সব জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।