অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ডিএসসিসির
রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত ও এলিফ্যান্ট রোড এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এসব উচ্ছেদ অভিযান চলে। এ সময় দোকানের মালামাল ফুটপাতে রাখায় এক খাবারের দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালেদ আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েব এসব অভিযান পরিচালনা করেন।
সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টার দিকে এলিফ্যান্ট রোড এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। এ সময় মালামাল বাইরে রাখায় গাউছিয়া রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে নিউমার্কেটের সামনে থেকে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করে ডিএসসিসি। পরে দুপুর ১২টার দিকে নীলক্ষেত এলাকায় ফুটপাতে থাকা বইয়ের দোকান উচ্ছেদ করা হয়।