অবৈধ স্থাপনা উচ্ছেদে পদক্ষেপ নেই
ঢাকার সাভারের ওপর দিয়ে প্রবাহিত বংশী নদী ও এর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেওয়া হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে। কিন্তু প্রায় দেড় বছর পার হয়ে গেলেও জেলা প্রশাসন থেকে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে দখলদার উচ্ছেদে কোনো ব্যবস্থা না নেওয়ায় নদী ও নদীর তীর ঘেঁষে আরও নতুন স্থাপনা গড়ে উঠছে।
নাম প্রকাশ না করার শর্তে সাভার উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেন, দখলদারদের অনেকেই সরকারদলীয় নেতা ও প্রভাবশালী ব্যক্তি হওয়ায় উদ্যোগ নেওয়া হলেও উচ্ছেদের প্রক্রিয়া এগোচ্ছে না। এসব অবৈধ দখলদারের নাম, তালিকাসহ উচ্ছেদের বিষয়ে তথ্য চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে ৫ মার্চ তথ্য অধিকার আইনে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ এপ্রিল ও ২৬ জুলাই আংশিক তথ্য দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে নামাবাজার এলাকায় অবৈধ দখলদারের সংখ্যা দেখানো হয়েছে ৯১। আর নয়ারহাট এলাকায় ৩২ জন। অথচ সরেজমিন নয়ারহাট এলাকায় অবৈধ স্থাপনা পাওয়া যায় প্রায় ১০০টি। আর নামাবাজার এলাকায় এর সংখ্যা অন্তত তিন হাজার। এ ছাড়া রাজ ফুলবাড়িয়া ও আশপাশের এলাকায়ও নদীর তীরে অবৈধ স্থাপনা আছে।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের বলেন, অবৈধ দখলদারদের নামের তালিকা সংগ্রহের কাজ চলছে। গত বছর ৬১ জনের তালিকা তৈরি করে উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। এ বছর আরও ৬২ জনের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। অন্যদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
জেলা প্রশাসনের তথ্যে দেখা যায়, ৬১ জনের তালিকা তৈরির পর গত বছরের ২৭ মার্চ দখলদারদের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের জবাব পাওয়ার পর একই বছরের ১ জুলাই জেলা প্রশাসকের এক আদেশে ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদারকে উচ্ছেদ অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু প্রায় চার মাস পর বদলির কারণ দেখিয়ে ২৮ অক্টোবর এক প্রতিবেদনে তিনি অভিযান পরিচালনায় অপারগতা প্রকাশ করেন। এরপর ২১ ডিসেম্বর অন্য এক আদেশে ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত সাত মাসেও জেলা প্রশাসকের সেই আদেশ বাস্তবায়িত হয়নি।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ বলেন, দায়িত্ব পাওয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) অনুরোধে উচ্ছেদ অভিযান বিলম্বিত করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সহকারী কমিশনারের (ভূমি) পক্ষ থেকে কোনো অনুরোধ না পাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের বলেন, ‘উচ্ছেদ অভিযান পরিচালিত হয় জেলা প্রশাসকের দপ্তর থেকে। তাই জেলা প্রশাসকের নির্দেশের পর আমাদের অনুমতির আর প্রয়োজন থাকে না।’